শান্তনু নস্কর, ক্যানিং: সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম। অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের (Pareshram Das) বিরুদ্ধে। তিনি নিজের মায়ের নামে সরকারি জমি দখল করে চাঁদমনি বৃদ্ধাশ্রম তৈরি করেছিলেন। সেই চাঁদমনি আশ্রমের সরকারি জমি দখল সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল প্রশাসন। দেওয়া হল ১৫ দিনের মধ্যে জমি খালি করার আদেশ। কেস রেকর্ডে থাকা নথি, BDO-এর যাচাই করা রিপোর্ট এবং পাট্টা সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর প্রশাসনের তরফে আশ্রম কর্তৃপক্ষকে সরকারি জমির কথিত অনুমোদিত দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাতলা নদীর চরে তৈরি হওয়া এই বৃদ্ধাশ্রম নিয়ে অভিযোগ তুলেছিল বিজেপি। স্থানীয় সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা করেন পরেশরাম। সেই বৃদ্ধাশ্রম নিয়ে আগেই নোটিস দেওয়া হয়েছিল। এবার দেওয়া হল জমি ছাড়ার নির্দেশ।
প্রশাসনিক আদেশ অনুযায়ী, আদেশ পাওয়ার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার (BL&LRO), ক্যানিং-১-এর অনুকূলে জমির দখল হস্তান্তর ও জমি খালি করতে হবে। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জমিতে সরকারি অর্থে নির্মিত ভবন, শেড, সীমানা প্রাচীরসহ অন্যান্য নির্মাণের বিষয়ে BDO, ক্যানিং-১-কে আনুষ্ঠানিক যাচাই ও রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:- নিরাপত্তা নিশ্চিত করার তৎপরতা, বকখালি, জয়রামবাটর বিভিন্ন হোটেলে ফায়ার সেফটি খতিয়ে দেখতে অভিযান
তবে আশ্রমের মূল ভবনে থাকা বয়স্ক বাসিন্দাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। তাঁদের পরিচর্যা, সহায়তা ও পর্যায়ক্রমে পুনর্বাসনের জন্য উপযুক্ত জেলা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানোর কথা জানানো হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত মূল ভবন থেকে তাঁদের উচ্ছেদ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ক্যানিং থানার IC-কে BL&LRO ও BDO-কে তাঁদের সরকারি দায়িত্ব পালনে সহযোগিতা এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের এই নির্দেশ West Bengal Public Land (Eviction of Unauthorized Occupants) Act, 1962-এর সংশ্লিষ্ট ধারার অধীনে জারি করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। জমি দখল সংক্রান্ত বিষয়টি প্রশাসনিক নথি ও আদেশের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে; সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও জানানো হবে।