কলকাতা: দলীয় প্রতীক নিয়ে যুযুধান দুই পক্ষ। দলের নাম ও জোড়াফুল প্রতীক নিজেদের কাছে রাখতে আগেই ছ’ট্রাক ভর্তি নথি জমা দেয় ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের গণতান্ত্রিক তৃণমূল। এবার দুই ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা-তৃণমূল। মমতা-তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩২ জন বিধায়কের হলফনামা রয়েছে ওই নথির মধ্যে। পাশাপাশি, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে হলফনামা রয়েছে ১৭ জন সাংসদের। (TMC Election Symbol)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ভেঙে খান খান হয়ে গিয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার সময় ঋতব্রত জানান, তাঁদের পক্ষে ৫৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। পরবর্তীতে সেই সংখ্যা বেড়ে ৬৫ হয় বলে দাবি করেন তিনি। অন্য দিকে, তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দিয়েছিলেন ২০ জন সাংসদ। (TMC News)
তবে রবিবার যখন দিল্লিতে মমতা-তৃণমূলের তরফে দুই ট্রাকভর্তি নথি জমা দেওয়া হল, সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ। নথি জমা দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, জোড়াফুল প্রতীকে জয়ী হওয়া পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়কের হলফনামা রয়েছে নথিতে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলটি মমতার কাছে থাকা উচিত বলে জানিয়েছেন তাঁরা। আস্থা ব্যক্ত করেছেন মমতার উপর।
আরও পড়ুন: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
তৃণমূলের প্রতীকে লোকসভায় সাংসদ নির্বাচিত হন ২০ জন। তবে শিবির বদল করে এখন NCPI-তে তাঁরা। কল্যাণ জানিয়েছেন, ১৭ জন সাংসদের হলফনামা রয়েছে তাঁদের কাছে, যার মধ্যে আট জন লোকসভার সাংসদ, ন’জন রাজ্যসভার। NCPI-তে যাওয়া কেউ সই করেননি বলে জানানো হয়েছে। পাশাপাশি, তৃণমূল দলটির প্রতিষ্ঠা যাঁদের হাতে, সেই ১৪ জনের মধ্যে সাতজন জীবিত রয়েছেন। ওই সাত জনের মধ্য়ে ছ’জন, জাতীয় কর্মসমিতির সদস্যদের হলফনামা, মেঘালয় এবং অসমের বিধায়কদের হলফনামাও জমা দেওয়া হয়েছে। তাহলে কি ঋতব্রত-শিবিরের বিধায়করাও মমতার প্রতি আস্থা জানিয়ে হলফনামা জমা দিয়েছেন? উঠছে প্রশ্ন।
আজ দুই ট্রাক ভর্তি নথি জমা দেন মমতা-তৃণমূল। আরও একটি ট্রাক আসবে বলে জানান কল্যাণ। তবে ঋতব্রত শিবিরের ছয়টি ট্রাকের তুলনা টানলে তিনি জানান, সেগুলি ফলস ছিল। কয়েকজনের হলফনামা রয়েছে, তাও প্রকাশ করা হয়নি তাতে। মমতা-তৃণমূল কিন্তু সব তথ্য দিয়েছে। লক্ষ লক্ষ সদস্যের হলফনামাও জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। কল্যাণ বলেন, “আমাদের যত হলফনামা রয়েছে, সব আসল। আস্তে আস্তে প্রকাশও করব। দিয়ে দেব ওদেরও। ওদের দেওয়ার পর শুভেন্দুর পুলিশ এবং দলবল আমাদের লোকেদের উপর যদিও অত্যাচার করবে। শুভেন্দু তো তার জন্যই রয়েছে পশ্চিমবঙ্গে! তাতেও আমরা ভয় পাই না। আমরা আসল হলফনামা, ছবি-আইন অনুযায়ী করে জমা দিয়েছি। ঠিক সময়ে সব কপি আমরা ঋতব্রত বা তাঁর আইনজীবীকে পাঠিয়ে দেব। আমাদের যা হলফনামা জমা পড়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেনই। ১৭ জন সাংসদের হলফনামা রয়েছে। পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়কও আছেন। আগামীতে লড়াই হবে। দেখি অমিত শাহের আশীর্বাদ কত আছে! বিজেপির সব আছে, সিবিআই, ইডি, হাজার হাজার কোটি টাকা, নির্বাচন কমিশন… সব আছে। কিন্তু আইনের মাথা নেই।”
যদিও ঋতব্রত-তৃণমূলের আখরুজ্জামানের বক্তব্য, “১২ লক্ষের অধিক কর্মী, নেতৃত্ব, সমর্থকের সই করা হলফনামা জমা দিয়েছি। বিধায়কের যে সংখ্যা বলছেন… বিরোধী দলনেতাকে সমর্থন করেন যত জন, তার থেকে বেশি বিধায়কের সই রয়েছে আমাদের তরফে। ওঁরা কতজনের সই জমা দিয়েছেন, নির্বাচন কমিশনের সামনে শুনানি হলেই পরিষ্কার হয়ে যাবে কার পক্ষে কত জনের সমর্থন আছে। আমাদের বিশ্বাস, যে নথি দিয়েছি আমরা, তাতে জোড়াফুল প্রতীক এবং তৃণমূল কংগ্রেস দলের নাম আমাদের সঙ্গেই থাকবে।”
অন্য দিকে, বিজেপি-র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্য বলেন, “মমতা-তৃণমূল আছে কতটুকু? ওই টুকু নিয়ে আমরা ভাবছিই না। মমতা-তৃণমূলের বাইরে অনেক বড় দল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্ষয়িষ্ণু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা। তৃণমূল সর্বভারতীয় দলের তকমা অনেক আগেই হারিয়েছে। এখন কেউ বললে তা সোনার পাথরবাটির মতো শোনায়।”
নথি জমা পড়ার পর এবার শুনানি শুরু হবে। সেখানে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারেন। এদিন মমতা-তৃণমূলের নথি জমার সময় উপস্থিত ছিলেন কল্যাণ, ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন।