কলকাতা: রবিবার সন্ধ্যায় ভয়ঙ্কর ঘটনা জুহুতে। গুলি চলল জনপ্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) ওপর। তবে অভিনেতার গায়ে গুলি লাগেনি, তিনি সুস্থ রয়েছেন বলেই সূত্রের খবর। কিন্তু তাঁর নিজস্ব গাড়ির চালক এবং আরও এক গাড়ির চালক এবং এক রিক্সাচালকের গুলি লেগেছে। এই ঘটনার দায়স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি, এদিন একটি ভয়েজ নোট প্রকাশ করে এই ঘটনার দায়স্বীকার করেছেন। কিন্তু কেন এই ঘটনা?
কেন টাইগার শ্রফের ওপর হামলা? কী বার্তা এল লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফে?
লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে জানানো হয়েছে, সলমন খানের সঙ্গে যে সমস্ত অভিনেতারা কাজ করেছেন, তাঁরা প্রত্যেকেই এই গ্যাং-এর নজরে রয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে আগেই সমস্ত অভিনেতা অভিনেত্রীকে সলমন খানের সঙ্গে কাজ করতে বারণ করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা মানেননি টাইগার শ্রফ। সেই কারণেই তাঁর ওপর গুলি চলেছে বসে জানানো হয়েছে। এদিন ভয়েজ নোট প্রকাশ করে বার্তা দেওয়া হয়েছে, ‘এই সিনেমা ইন্ডাস্ট্রির যে সমস্ত মানুষ আমাদের থেকে আলাদা হয়ে কাজ করবেন বা সলমন খানের সঙ্গে কাজ করবেন… আমরা তাকে খুন করব। এটা প্রথম এবং শেষ সতর্কতা ছিল। সলমন খান দাউদ ইব্রাহিমের কুকুর। আমরা আমাদের বাড়িতে দাউদের নামে একটা কুকুর পুষেছি।’ পাশাপাশি এই ভয়েজ নোটে আরও বলা হয়েছে যে, টাইগার শ্রফকে নাকি আগেই সতর্ক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কোনও সতর্কবার্তা মানেননি।
টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনায় আটক ১
পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন টাইগার শ্রফ। জুহুতে যে এলাকায় এই ঘটনা ঘটে, সেই এলাকা যথেষ্ট নিরাপদ বলেই মনে করা হয়। এমনকি তারকাদের মাঠে ফুটবল খেলতেও দেখা যায় সেখানে। এমনই একটা জায়গায় বাইরে করে ৩ জন ব্যক্তি এসে ১০ রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। একনাথ শিন্ডে (Eknath Shinde) ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে, যাঁরা এই ধরণের কাজ করে, তাঁদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন: Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?