কলকাতা: ৩ জন মিলে মোটরবাইকে করে এসে হামলা বলিউড অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff)-এর ওপর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় অভিনেতা। তবে গুলি লেগেছে অভিনেতার গাড়িচালক সহ, আরও ২ জনের। রবিবার জুহু এলাকায় এই ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই জুহু পুলিশ স্টেশনে একটি অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় কোনও আঘাত লাগেনি টাইগার শ্রফের। তবে টাইগার শ্রফের গাড়িচালক সহ, আরও একজন গাড়িচালক এবং একজন অটোরিক্সা চালকের গুলি লেগেছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায়স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং।
টাইগার শ্রফের ওপর চলল গুলি, দায়স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং
ঠিক কী ঘটেছে? পুলিশ সূত্রে খবর, রবিবার মুম্বইয়ের জুহু এলাকায় একটি জন্মদিনের পার্টি হচ্ছিল একটি পার্কে। সেখানে তখন উপস্থিত ছিল প্রচুর শিশুরা। অনেক বয়স্করাও সেখানে নিয়মিত হাঁটতে আসেন। এই ঘটনার পরেই তড়িঘড়ি জুহু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার দায় স্বীকার করেছে, অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি। এই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্য বলে দাবি করেছে। পাশাপাশি সে আরও দাবি করেছে যে, যে সমস্ত ব্যক্তিরা সলমন খানের সঙ্গে কাজ করবেন, তাঁদের ভয় পাওয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি অডিও ফাইল প্রকাশ করা হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে। সেখানেই এই বার্তা দেওয়া হয়েছে।
কেন টাইগার শ্রফের ওপর এই হামলা?
এই প্রথম নয়, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে সলমন খানের বৈরিতা বহুদিনের। সলমন খানের সঙ্গে কাজ করাকে কার্যত অপরাধ বলেই মনে করে, লরেন্স বিষ্ণোই গ্যাং। যদিও লরেন্স বিষ্ণোই নিজে এখনও জেলে রয়েছেন, কিন্তু তাঁর দলের তরফ থেকে বারে বারেই একাধিক বলিউড অভিনেতার ওপর হামলার মতো ঘটনা ঘটেছে শুধুমাত্র সলমন খানের সঙ্গে ভাল সম্পর্ক রাখার কারণে। এই একই কারণে একাধিকবার গুলি চলেছে কপিল শর্মার (Kapil Sharma) কানাডার ক্যাফের ওপর। রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করেও গুলি চালানো হয়। তবে সেই সমস্ত ঘটনায় এর আগে কেউ আহত হননি। তবে টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে, তবে সুস্থ আছেন জনপ্রিয় বলিউড অভিনেতা।