কলকাতা : “আমরা ঠিক করেছি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১৪০০ পদ পূরণ করব খুব দ্রুত।” এমনই আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এরমধ্যে এক হাজার ফায়ার অপারেটর, ৩২৫ জন ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার, ৭৫ জন সাব-অফিসার থাকবে। কথা দিচ্ছি, আগামী এক বছরের মধ্যে আরও আড়াই হাজার স্থায়ী পোস্ট সৃষ্টি করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আমরা নিয়োগের কাজ করব।” রাজ্যের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত এবং কার্যকর করে তুলতে দমকল বিভাগে নতুন প্রজন্মের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামের ১৯৮টি মিড সাইজ ওয়াটার টেন্ডার (MSWTS), ২৫টি মাল্টি পারপাস ফায়ার টেন্ডার (MPFTS) ও ৩টি আর্টিকুলেটিং ওয়াটার টাওয়ারের এদিন উদ্বোধন অনুষ্ঠান হয় রেড রোডে। সেখানকার মঞ্চ থেকেই নিয়োগের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।