
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সম্প্রতি আবহাওয়ার বড় পরিবর্তন হয়েছে। তাপমাত্রা বেশ কিছুটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে, সারাদিন বৃষ্টি, অতিরিক্ত আর্দ্রতা। এর ফলে ফসলের বিস্তর ক্ষতি হয়েছে। অসময়ের এই বৃষ্টি প্রবলভাবে প্রভাব ফেলেছে ফসলের ওপর।

আর সেই কারণেই এবার কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বড় ঘোষণা রাজ্য় সরকারের। ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে কৃষকদের আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের ৯টি জেলার ১.৬ লক্ষ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে এবং ৫.৭৩ লক্ষেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা যাতে আর্থিকভাবে বিপাকে না পড়েন, সেই জন্যই এই সাহায্য ঘোষণা।

মুখ্যমন্ত্রীর পেজ থেকে লেখা হয়েছে, ‘দুর্দিনে অন্নদাতাদের পাশে দাঁড়াতে এবং তাঁদের জীবিকা সুরক্ষিত রাখতে রাজ্য সরকার ইতিমধ্যেই SDRF-এর অধীনে ২০৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর পাশাপাশি, নতুন করে চাষাবাদ শুরু করার জন্য প্রায় ৫ কোটি টাকার বীজ বিতরণ, ক্ষতিগ্রস্ত পানচাষিদের জন্য বিশেষ ত্রাণের ব্যবস্থা এবং মালদহে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৯,০০০-এরও বেশি কৃষককে প্রায় ৮.১২ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

৫ লক্ষ ৭৩ হাজার কৃষকদের জন্য ক্ষতিপূরণ হিসেবে অর্থ সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি জানানো হয়েছে, ২ দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

সেই সঙ্গে আরও আশ্বাস দেওয়া হয়েছে যে, খুব তাড়াতাড়ি জমি থেকে জল তোলার কাজ শুরু হবে। সেচ দফতরের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। সরকারি উদ্যোগেই সংশ্লিষ্ট জেলার বিডিও-র তত্ত্বাবধানে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই জমি থেকে জল তোলার কাজ হবে, এমনটাই জানানো হয়েছে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে সরকারি তথ্য অনুযায়ী, মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার হেক্টর। যে জেলাগুলিতে কৃষিকাজের আংশিক ক্ষতি হয়েছে, সেগুলি হল – হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর।

রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ ৭৩ হাজারা অন্নদাতাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, হেক্টর প্রতি ১৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সেচসেবিত এলাকাতে। ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ২ হাজার টাকা পাবেন।

আরও ঘোষণা করা হয়েছে, বৃষ্টিনির্ভর এলাকায় হেক্টর প্রতি ৮ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রেও ১ কাঠা জমির মালিকরাও ন্যূনতম ১ হাজার টাকা পাবেন।

আরও জানানো হয়েছে, বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা দেবে সরকার। রবি, খরিফ, আমন, বোরো ধান চাষি ছাড়াও এগ্রিকালচার বা হর্টিকালচারের জমি থাকলেই ন্যূনতম ২৫০০ টাকা করে ক্ষতিপূরণ পাবেন চাষিরা।
Published at : 23 Nov 2026 08:23 AM (IST)