কলকাতা: বিগ বসের ঘরে টাস্ক করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। চোট নিয়ে তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘর ছেড়েছিলেন তিনি।
অভিনেত্রী, লেখিকা সৃজলা গুহ (Srijla Guha) শনিবার ফিরলেন বিগ বসের ঘরে। কাঁধে বিশেষ স্ট্র্যাপ লাগিয়ে। এবং সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে শোনালেন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।
শনি ও রবিবার বিগ বস বাংলায় থাকে দাদার দরবার। যেখানে হাজির থাকেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সৌরভ সৃজলাকে প্রশ্ন করেন, ‘সৃজলা তুমি ঠিক আছো?’ সৃজলা বলেন, ‘পাঁচদিন হাসপাতালে ছিলাম। শরীরে একশোটা ফুটোফাটা করেছে।’ সৌরভ বলেন, ‘তোমার যদি কিছু বলার থাকে বলো।’ এরপরই ক্ষোভে ফেটে পড়েন সৃজলা।
বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে টাস্ক করতে গিয়ে বিপত্তি হয়েছিল। বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সির টাস্ক করতে গিয়ে গুরুতর আহত হন সৃজলা। বিগ বসের ঘরে নিয়ম হল, যিনি ক্যাপ্টেন হবেন, তিনি বেঁচে যাবেন নমিনেশন থেকে। অর্থাৎ অন্তত ১ সপ্তাহের জন্য তিনি নমিনেট হওয়া থেকে বেঁচে যাবেন, থাকবেন এই ঘরে। কিন্তু এই টাস্ক করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। মিউজিক্যাল চেয়ার খেলার পরে, বেছে নেওয়া হয় ৫ জন প্রতিযোগীকে। ক্যাপ্টেন্সি প্রতিযোগীদের মধ্যে ছিলেন মনামী ঘোষ, জিতু কমল, সৃজলা গুহ, রাজবীর এবং তনুশ্রী।
ক্যাপ্টেন্সি টাস্কটি ছিল, প্রত্যেক প্রতিযোগীকে একটি কাঠের ঘোড়ার ওপর বসে থাকতে হবে। অন্যান্য প্রতিযোগীরা সিদ্ধান্ত নিতে পারবেন যে, কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন এবং কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন না। যে যাঁকে সমর্থন করবেন, সে তাঁর পছন্দের প্রতিযোগীকে রক্ষা করবেন এবং যে যাঁকে সমর্থন করেন না, সে তাঁর অপছন্দের প্রতিযোগীকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করবেন। আর এই টাস্কের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা।
নন্দিনী প্রথমে উল্টে দেন রাজবীরের ঘোড়া। এরপরে তিনি সৃজলার সামনে গিয়ে কথা বলতে বলতে, সৃজলার ঘোড়াও উল্টে দেন। যদিও বিগ বসের তরফ থেকে কড়া নির্দেশ ছিল যে, কোনও প্রতিযোগীকে ঘোড়া থেকে ঠেলে, টেনে হিঁচড়ে নামানো যাবে না। কিন্তু নন্দিনী ঘোড়া ধরে উল্টে দেওয়ার কারণে পড়ে যান রাজবীর। এরপরে নন্দিনী সৃজলার ঘোড়াও উল্টে দেন, কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়ার সময়ে কাঁধে চোট পান সৃজলা।
ঘোড়া থেকে পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে বাকি প্রতিযোগীরা আইসপ্যাক নিয়ে আসেন, কিন্তু তাতে স্বস্তি পাননি সৃজলা। ব্যথায় চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন তিনি। এরপরে বিগ বসের নির্দেশে তাঁকে সঙ্গে সঙ্গে স্টোর রুমে নিয়ে যাওয়া হয়। ব্যথায় নড়াচড়াও করতে পারছিলেন না সৃজলা। চিকিৎসক এসে তাঁর চিকিৎসা শুরু করেন।
আরও পড়ুন: গলফ কার্টে ইডেন প্রদক্ষিণ করবেন মোদি-শুভেন্দু, চোখধাঁধানো ড্রোন শো, কী কী থাকছে অনুষ্ঠানে?
সৌরভকে শনিবার সৃজলা বলেন, ‘ঘোড়াটাকে সামনের দিকে আছাড় মারা হয়েছিল। আমার ডান পায়ে ফার্স্ট গ্রেড এসিএল টিয়ার হয়। আমার রোজ ড্রেসিং করতে হয়। আমি পাঁচদিন একা একটা শহরে ছিলাম। যেখানে আমি কারও সঙ্গে কথা বলতে পারিনি। একে বসে কেঁদেছি হাসপাতালে, একটু নিজের লোকের গলা শুনব বলে। এরকম অভিজ্ঞতা যেন আমার শত্রুরও না হয়।’
সৃজলার কথা শুনে কাঁদতে দেখা যায় নন্দিনী, ভরত কলকে।