অর্ণব মুখোপাধ্য়ায়, দীপক ঘোষ ও আশাবুল হোসেন, সিঙ্গুর : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতি শোনার পর থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছে সিঙ্গুরবাসী। এই আবহে মঙ্গবার হুগলির জেলাশাসকের সঙ্গে দেখা করলেন সিঙ্গুরের বিজেপি বিধায়ক। অন্যদিকে, ইচছুকের পাশাপাশি নতুন করে শিল্পের সম্ভাবনা তৈরি হতেই তাতে জমি দিতে চাইছেন এক সময়ের অনিচ্ছুক চাষিরাও।

প্রশ্ন ছিল, সিঙ্গুর নিয়ে আপনাদের কোনও নির্দিষ্ট পরিকল্পনা আছে ? উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “আমরা কিছু একটা করব। কিছু একটা করব। আমার সঙ্গে অশোক লেল্য়ান্ডের কথাবার্তা হচ্ছে। ওরা প্রাথমিকভাবে আমাকে বলেছে।”

ফের দেখা যাচ্ছে আশার আলো। ২০ বছর আগে শিল্প স্থাপনের যে স্বপ্ন দেখেছিল সিঙ্গুর, তা কি এবার পূরণ হতে চলেছে ? সিঙ্গুরে কারখানা কি সত্যিই এবার হবে ? মুখ্যমন্ত্রী বলেছেন, “জমি কেনার জায়গায় সিঙ্গুরেও কথাবার্তা আমরা বলছি। সিঙ্গুরে আমি একটা কথা বলছি শুনুন, কিছু না কিছু হবে।”

এই প্রেক্ষাপটে মঙ্গলবার সিঙ্গুরে দেখা গেল প্রশাসনিকস্তরেও তৎপরতা শুরু হচ্ছে। হুগলির জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন সিঙ্গুরের বিজেপি বিধায়ক অরূপকুমার দাস। তিনি বলেন, “যদি শিল্পায়ন হয় একটা ফায়ার স্টেশন দরকার। সিঙ্গুরের রাস্তাঘাট যেহেতু শিল্পায়ন হওয়ার কথা চলছে, শুভেন্দু অধিকারী মহাশয় যখন বলেছেন, হবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার সিঙ্গুরের যাতে পারিপার্শ্বিক উন্নয়নটা হয় সেদিকে নজর দেওয়ার জন্য ওঁর (জেলাশাসক) সঙ্গে যোগাযোগ করছি।”

প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সিঙ্গুরে শিল্প-সম্ভাবনার কথা ফের সামনে আসতে উৎসাহ-উদ্দীপনাও তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। 

সিঙ্গুরের গোপালনগরের সাহানাপাড়া। এখানেই লাগানো হয়েছে হোর্ডিং। তাতে লেখা- ‘সিঙ্গুরে শিল্পের নতুন দিগন্ত, অশোক লেল্য়ান্ড। সিঙ্গুরে শিল্পের নতুন সম্ভাবনা।’ 

অরূপ বাড়ুই। সিঙ্গুরের বেড়াবেড়ির বাসিন্দা। টাটাদের প্রস্তাবিত কারখানার জন্যে স্বেচ্ছায় জমি দিয়েছিলেন। নিয়েছিলেন প্রয়োজনীয় ট্রেনিং। কিন্তু তারপর আর ভাগ্যে শিকে ছেঁড়েনি। তবে এখনও অরূপদের মতো সিংহভাগ মানুষই বলছেন সিঙ্গুরে শিল্প চাই। অরূপ বাড়ুই বলেন, “আমাদের ফ্যামিলি থেকে ৪৩ বিঘা জমি দিয়েছি আমরা। ট্রেনিং নিয়েছিলাম, এখানেই ট্রেনিং হয়েছিল।”
 
এবিপি আনন্দ- আপনারা কী চান এখন ?
 
অরূপ বাড়ুই- শিল্প হোক। জমি যখন ফেরত দিয়েছে সরকার, সরকার যখন ঘোষণা করেছে, চাষিদের কাছেই জমি আছে, আবার সেগুলি দিতে হবে। শিল্পের জন্য জমি দিতে চাই।

টাটাদের প্রস্তাবিত কারখানার জমিদাতা ও সিঙ্গুরের বাসিন্দা মানস ঘোষ বলেন, “একটা তকমা পড়ে গেছিল শিল্প তাড়ানো বাংলা। আমরা (শিল্পকে) স্বাগত জানাব। সবাই মিলে এগিয়ে যাব এই শিল্প (সিঙ্গুর) যাতে হয়।”

যারা একসময় অনিচ্ছুক ছিলেন, তাঁরাও এখন বলছেন সিঙ্গুরে শিল্প হোক। সিঙ্গুর জমি আন্দোলনকারী মহাদেব দাস বলেছেন, “আমার পরিবারেরই ১২ বিঘা জমি ছিল। তখন তো আমরা দিইনি (জমি)। সেই জমি চাষযোগ্য় করতে পারিনি। সেই জমি ফেরত পেয়েছি কাগজে কলমে সর্বদিক থেকে, কিন্তু সেই জমি আমরা কোম্পানিকে দিয়ে শিল্প করার কাজে তাদেরকে সহযোগিতা করব।”

সালটা ছিল ২০০৬। রাজ্যে সপ্তম বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরেই সিঙ্গুরে টাটাদের ছোটগাড়ির কারখানার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় জমি আন্দোলন। ২০০৮-এর ৬ সেপ্টেম্বর, তৎকালীন রাজ্যপালের মধ্যস্থতায় বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসলেও কোনও সমাধান বেরোয়নি। এর এক মাস পর, দুর্গাষষ্ঠীর দিন সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেওয়ার ঘোষণা করেছিলেন রতন টাটা। 
তারপর কেটে গেছে ১৮টা বছর। সিঙ্গুরে না এসেছে শিল্প। না হয়েছে ঠিকঠাক চাষবাস। সেখানেই ফের নতুন করে কারখানা তৈরির স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। 

এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলছেন, “করুক, পাপস্খলন করুক, ওরাই তো সিঙ্গুরে মোটরগাড়ির কারখানা আটকেছিল। রাজনাথ সিং গিয়ে মমতার পাশে বসেননি ? তা না হলে কোথায় চলে যেত।”

মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলছেন, “সিঙ্গুর জমিনীতির প্রতিবাদ ছিল। মমতা ব্যানার্জি শিল্পের প্রতিবাদ করেননি, টাটা ন্যানোর প্রতিবাদ করেননি। বামফ্রন্ট সরকার তিন ফসলি কৃষিজমি, সরকার থেকে জোর করে নিয়ে বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রাইভেট সংস্থাকে দিচ্ছিল।”

বামেরা বিদায় নেওয়ার পর তৃণমূল ১৫ বছর ক্ষমতায় থেকেছে। এবার বিজেপি সরকার। কী আছে সিঙ্গুরের ভাগ্য়ে ?

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, “সিঙ্গুর নিয়ে অনেক চিন্তাধারা আছে। মুখ্যমন্ত্রীর অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে। শমীক বাবু একটা কেমিক্যাল হাবের জন্যও একটা প্রস্তাব দিয়েছেন। এখন দেখা যাক কোনটা শেষপর্যন্ত বাস্তবায়িত হয়।” সবমিলিয়ে ফের রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে সেই সিঙ্গুর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *