সনৎ ঝা, শিলিগুড়ি: পুরনো ৫০০ ও ১০০০টাকার অনেক আগেই কেন্দ্র সরকার বাতিল করে দিয়েছে। এবার সেই পরনো নোটের বিপুল পরিমাণ বাতিল নোট নিয়ে ট্রেনে যাতায়াতের সময় এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি জিআরপি ও এনজেপি জিআরপির পুলিশ।  ধৃত যুবকের নাম সন্তোষ কুমার (২৫)। তিনি বিহারের মতিহারী এলাকার বাসিন্দা। তবে গত সাত বছর ধরে পরিবারের সঙ্গে অসমের জালুকবাড়ি এলাকায় থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির এসওজি ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। ডাউন সরাইঘাট এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে ট্রেনের জেনারেল কামরায় তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় সন্দেহজনক ভাবে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তায় অসঙ্গতি মেলায় সন্দেহ আরও বাড়ে। এরপর তার পিঠের ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার একাধিক বান্ডিল। উদ্ধার হওয়া বাতিল নোটগুলির আনুমানিক মূল্য ৮লক্ষ ৬৩হাজার টাকা বলে জানা গিয়েছে। এরপরই সন্তোষ কুমারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গুয়াহাটি থেকে ট্রেনে উঠেছিল ওই যুবক। সেখানেই তার হাতে ওই টাকার বান্ডিলগুলি তুলে দেওয়া হয় বলে পুলিশের দাবি। এরপর সেই টাকা নিয়ে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে সে রওনা দিয়েছিল। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ।তদন্তের স্বার্থে তার হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই বিপুল পরিমাণ বাতিল নোটের উৎস কোথায়, কার কাছ থেকে সে নোটগুলি পেয়েছিল ও কোথায় সেগুলি নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *