ইসলামপুর : এবার ইসলামপুরের মাটিকুণ্ডা-১ পঞ্চায়েতে উলটপুরাণ ! NCPI-এর বিরুদ্ধে কার্যত একজোট হলেন তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা। NDA-র শরিক NCPI-এর বিরুদ্ধে অনাস্থায় শামিল হল বিজেপিও। মাটিকুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতে ১৭ আসনের সবকটিই তৃণমূলের দখলে ছিল। গত ১৯ নভেম্বর ১৭ সদস্যের মধ্যে প্রধান-সহ ৯ জন NCPI-এ যোগ দেন। দলবদলের জেরে পঞ্চায়েত যায় NCPI-এর দখলে। এবার NCPI-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল তৃণমূল। তৃণমূল ও নির্দল মিলিয়ে ৮ সদস্যের অনাস্থা প্রস্তাব জমা পড়ে। প্রস্তাব জমা দেওয়ার সময় নেতৃত্বে ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায়।
এ প্রসঙ্গে ইসলামপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠা দাস বলেন, “আমাদের মাটিকুণ্ডা-১ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থার ডাক দিয়েছি। আমরা এখানে ৮ জন এসেছি। অনাস্থা প্রস্তাব বিডিওর কাছে জমা করেছি। চার বছর ধরে প্রধানের খালি দেখলাম স্বজন-পোষণ আর স্বৈরাচার। প্রধান মুষ্টিমেয় দু’-চারজনকে নিয়ে চলছেন। আমরা বডির বাইরে। আমরা কোনওরকম কাজ পাইনি। অথচ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়েছিলাম। এবার জনগণকে আমরা যদি কিছু ফিরিয়ে দিতে না পারলাম, তাহলে তো আমরা জনগণের কাছে খারাপ হয়ে যাচ্ছি। দেখা যাক, ডবল ইঞ্জিন সরকারও এসেছে। এই সরকারের মাধ্যমে আমরা যদি কোনও কাজ করে দেখাতে পারি…।”
এনিয়ে ইসলামপুরে বিজেপির মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায় বলেন, “এ বিষয়ে বিজেপি স্ট্যান্ড পরিষ্কার রেখেছে। যে কোনও জায়গায় যদি প্রধান হয়, কিংবা সেখানে যদি সম্ভাবনা হয় সেখানে বিজেপিই হবে। বিজেপির লোকদের কিংবা বিজেপি সমর্থিত কোনও কর্মী যদি থাকে সেখানে, তাঁরাই হবেন। কারণ দেখুন, দীর্ঘ যে লড়াইটা, এই কর্মীরা যারা দিয়েছেন, তাঁরা একসময় এই পঞ্চায়েতে যখন টিকিট নিয়েছিলেন তখন, বউয়ের গলার হার বিক্রি করে কিংবা জমি বিক্রি করে টিকিট নিয়েছিলেন। তাঁরা নেওয়ার পরে জিততে পারেননি। তাঁদের জবরদস্তি হারিয়ে দেওয়া হয়েছিল। সেইসমস্ত লোকেরা এখনও বিজেপি করে যাচ্ছেন। তাঁদের অধিকারকটা সবার আগে। তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। বিজেপির মেম্বার নন, কিন্তু বিজেপির কর্মী-সমর্থক প্রচুর হয়েছেন। যাদের ইচ্ছা তাঁরা সমর্থন করবেন। আমরা কাউকে ডাকিনি। যার মনে করবেন সমর্থন করবেন তাঁরা নিজের থেকে সমর্থন করতে চলে এসেছেন।”
উত্তর দিনাজপুরের NCPI-এর জেলা সভাপতি মহম্মদ জাহিদুল বলেন, “বেশ কয়েকদিন আগে ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৭ জন সদস্যের মধ্যে ৯ জন সদস্য আমাদের দলে যোগদান করেছেন। আমিও খবর পেয়েছি, ৮ জন সদস্যকে নিয়ে বিডিও অফিসে অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। আমরা বিজেপির সহযোগী দল। বিজেপির সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। বিজেপি কতটা সঙ্গ আমাদের দেবে, কি দেবে না সেটা রাজ্য-জেলা বিজেপি বলতে পারবে।”