কলকাতা: বুধবার তাণ্ডব-গুন্ডামি চালানো হয় কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে। ওই ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ABVP এবং SFI. কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে এদিন মিছিল করে চিকিৎসকদের একাংশ। তাণ্ডবের ঘটনার পিছনে মানসিক মাওবাদীরা রয়েছে, দাবি করেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। স্বাস্থ্য়মন্ত্রীর এই মন্তব্য়ের তীব্র নিন্দা করেছে চিকিৎসক মহলের একাংশ। হামলা নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবিরও।
দু্র্গাপুজোর সময়ে চোরবাগানের মৃত্য়ুমিছিলের পর কলকাতা মেডিক্যাল কলেজে অব্য়বস্থার অভিযোগ তোলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। এরপরই মঙ্গলবার ৮ ইন্টার্নকে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বুধবার বিকেল পাঁচটা থেকে শোকজ প্রত্য়াহারের দাবিতে অধ্য়ক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ইন্টার্ন চিকিৎসকরা। অভিযোগ, রাত ৮টা নাগাদ ABVP-র পরিচয় দিয়ে কলকাতা মেডিক্য়াল কলেজে আসে একদল বহিরাগত। এরপরই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এই ঘটনার তীব্র নিন্দা জানান ডাক্তাররা। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও।
বুধবার সন্ধেয় কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে আচমকা হামলা চালানো হয়। অভিযোগ, ABVP পরিচয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায় একদল যুবক। কিন্তু পাল্টা অন্য় অভিযোগ তুলেছেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। তিনি বলেন, ”সিসিটিভি ফুটেজে দেখা গেছে কীভাবে তাদেরকে মারা হয়েছে। কিছু মানসিক মাওবাদী, মুষ্টিমেয় ১০-১৫ জন ছাত্র, তাদের ঔদ্ধত্য় এমন জায়গায় পৌঁছেছে চিকিৎসক শিক্ষকদের গায়ে হাত দেওয়া শুরু করেছে।” তিনি জুনিয়র ডাক্তারদের মানসিক মাওবাদী বলেও সম্বোধন করেন। তিনি বলেন, ”যারা বলছে তারা নিরপেক্ষ,স্বাধীন, স্বতন্ত্র ছাত্র সংগঠন এবং অরাজনৈতিক ছাত্র সংগঠন, তারা আর কী পর্দার আড়ালে ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী, অতীব বাম, নকশালপন্থী সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঘটনাটির যাতে আমরা তদন্তের মাধ্য়মে যা যা পদক্ষেপ নেবার নেওয়া হবে।”
আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবারের ঘটনা ও স্বাস্থ্য়মন্ত্রীর মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, ”শারদ্বত মুখোপাধ্য়ায় ২০১৯ সাল পর্যন্ত তৃণমূল করতেন। সেই সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছ থেকে যে রাজনীতি শিখেছিলেন, যেখানে যা গণ্ডগোল হবে বামপন্থীদের নামে, অতি বামপন্থীদের নামে, এখানে নকশাল আছে, ওখানে মাওবাদী আছে বলে গল্প শুনিয়ে দেন। শারদ্বতবাবু আপনাকে এইটুকু বলছি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন।”
CPM-এর কটাক্ষের পাল্টা জবাব দিয়ে রাজ্য় বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু বলেন, ”এরা কী শুধু ছাত্র! না বহিরাগত ক্রিমিনাল! কী করে অধ্য়ক্ষকে হেনস্থা করে, সিনিয়র প্রফেসরদের গায়ে হাত তোলে। তাহলে তো তাদেরকে বহিষ্কার করা উচিত মেডিক্য়াল কলেজ থেকে এবং পুলিশ অ্য়াকশন নেওয়া দরকার। ডাক্তারি ছাত্র আর ক্রিমিনালদের মধ্য়ে কিছু পার্থক্য় থাকা উচিত। আমার মনে হচ্ছে, ওখানে দিমাগি নকশালরা ঢুকে গেছিল। হয়ত বহিরাগত হিসেবেই তারা ঢুকেছিল।”