হংসরাজ সিংহ, রঘুনাথপুর, পুরুলিয়া: মুখ্যমন্ত্রীর সুবেনধু অধিকারী আগেই নির্দেশ দিয়েছিলেন। আর এবার বাজারদর সাধারণ মানুষের হাতের মধ্যে রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার বাজার পরিদর্শন করলেন আধিকারিকরা। রঘুনাথপুর ও আদ্রা বাজার পরিদর্শন করলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। রঘুনাথপুরের মহকুমা শাসক মিঠুন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখ-সহ প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা এই অভিযানে ছিলেন।

আরও পড়ুন: বেড়েছে চিনির দাম, আর তারপরই লাগাম টানতে কদমতলায় যৌথ অভিযান এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশের

এদিন প্রথমে সবজি বাজার পরিদর্শন করেন আধিকারিকরা। এরপর বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানে গিয়ে পণ্যের বর্তমান বাজারদর সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তাঁরা। ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সম্পর্কেও জানতে চাওয়া হয়। নির্ধারিত বা ন্যায্য মূল্যের তুলনায় কোথাও বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়।

পরিদর্শনের সময় ব্যবসায়ীদের কালোবাজারি বা কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। ন্যায্য বাজারদর অনুযায়ীই যেন পণ্য বিক্রি করা হয়, সেই কথাও বলেন আধিকারিকরা। নির্দেশ অমান্য করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন প্রশাসনের আধিকারিকরা।               

আরও পড়ুন: হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, লাগাম পরাতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অভিযান

মহকুমা শাসক মিঠুন বিশ্বাস জানান, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিয়মিত বাজার পরিদর্শন করে বিভিন্ন পণ্যের দাম পর্যবেক্ষণ করবে। বর্তমান বাজারদরের পাশাপাশি আগের দিনের বাজারদরেরও তুলনা করা হচ্ছে, যাতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা কৃত্রিমভাবে দাম বাড়ানোর ঘটনা চিহ্নিত করা যায়।               

এদিন কয়েকটি জায়গায় অনিয়মের নজির মিললেও প্রথমবারের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবে আগামী দিনে একই ধরনের অনিয়ম ফের ধরা পড়লে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মহকুমা শাসক। প্রশাসনের পক্ষ থেকে পাইকারি বিক্রেতা থেকে খুচরো ব্যবসায়ী—সকলের কাছেই সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আবেদন জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *