কলকাতা: নাগেরবাজারে হস্টেলের ঘর থেকে চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য়। এই ঘটনায় র্যাগিং এবং খুনের মতো মারাত্মক অভিযোগ তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। অভিযোগ, প্রায়ই টাকা চেয়ে বাড়িতে ফোন করতেন চিকিৎসক অভিজিৎ সরকার। হুমকি, অত্য়াচারের হাত থেকে বাঁচতে হস্টেলও পাল্টেছিলেন তিনি। কিন্তু এখানে প্রশ্ন এটি আত্মহত্য়া? না খুন? শুরু হয়েছে তদন্ত। কিন্তু ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন দিদি পিয়ালি সরকার। কী কী কথা হতো, কোন সমস্যার কথা বলতেন, এভাবে ফেসবুক পোস্ট কেন করতেন, সবটা জানালেন তিনি।
”বিশ্বাস করুন, আমি যা কিছু করেছি, বেঁচে থাকার জন্য়ই করেছি। আমাকে মারবেন না, যদি সত্য়িই চান আমার মৃত্য়ু হোক, তাহলে ঘুমের ওষুধ দিন। আমাকে বেঁচে থাকতে সাহায্য় করুন। আমার অত্যন্ত সুরক্ষা প্রয়োজন।” সোশাল মিডিয়ায় এরকমই একের পর এক পোস্ট করেছিলেন অভিজিৎ সরকার। তারপর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় হস্টেলের ঘর থেকে।
মৃত চিকিৎসক তাঁর পোস্টে বার বার ‘ওরা’ বলে পোস্ট করেছেন। এখন প্রশ্ন এই ওরা আসলে কারা ? চিকিৎসক অভিজিৎ সরকারের মৃত্যু নিয়ে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে দিদি পিয়ালি সরকার বলেন, ”ওরা বলতে আমি জানি না কারা। কালীপুজোর দিন আটটা সাড়ে আটটা নাগাদ ভাই নিজে থেকে আমায় ফোন করে বলে দিদি কেমন আছিস, আমি বলি, আমি ভালো আছি। তোর তো ভাই ফোঁটায় আসার কথা তাহলে তুই কবে আসছিস। ও বলল, দিদি আমি একটু প্রবলেমে আছি আমি যেতে পারব না। যদি সমস্যাটা আজকের মধ্যেই মিটে যায় তবেই আমি ভাইফোঁটায় যেতে পারব বাড়ি। তারপর আমার মেয়ের কথা জিজ্ঞেস করল…তারপর দিদিকে ফোন করেছে। তারপর মা-বাবার সঙ্গে কথা হয়েছে। বলেছে, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। তারপর বাড়িতে জিজ্ঞেস করেছে ভাইফোঁটায় কবে আসবে। তো বলে, এখন সমস্যায় আছি, পরে যাব। যখন সমস্যার কথা বলছিল তখন থেকে আমার মনে একটা কেমন সন্দেহ হচ্ছিল। তখন আমি ভিডিও কল করি হোয়াটসঅ্যাপে, বলি যে তোর কি সমস্যা হয়েছে আমায় একটু খুলে বল। তখন বলে, দিদি একটা সমস্যা হয়েছে, এটা আমি কাউকে বলতে পারছি না। তোরা এই সমস্যার থেকে দূরে থাক। তোরা যদি এর মধ্যে ঢুকিস তাহলে ওরা তোদের মেরে ফেলবে। প্রাণঘাতীর সমস্যা আছে। এইটুকু জান। এর বাইরে আমি কিছু বলতে পারব না। আর এর মধ্যে থেকে দূরে থাক দিদি। এই বলেই ফোনটা কেটে দিল।”
সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি নিয়ে চিকিৎসকের দিদি পিয়ালী সরকার বলেন, ”সমস্যাগুলোর কথা এর আগেও আমাদের বলেছে। একটা বাচ্চা বাইরে থাকলে ছোটখাটো প্রবলেম হতেই থাকে। একটা গ্রামের ছেলে এবং অত্যন্ত গরীব ঘরের ছেলে যখন বাইরে থাকে, NEET-এ চান্স পেয়েছে, কলকাতার মতো বড় শহরে বাইরে থাকে, তখন হোস্টেলে থাকুক বা যেখানেই থাকুক কিছু প্রবলেম ফেস করতেই হয়। সেরকম সমস্যা আমার ভাইয়েরও হয়েছে। আমরা বুঝতে পারিনি যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে, তাই আমার প্রথম থেকে সেই ভাবে গুরুত্ব দিইনি।”
ফেসবুক পোস্টে বলেন, বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে। এই প্রসঙ্গে মৃত চিকিৎসকের দিদি বলেন, ”আমার ভাই কতটা প্রবলেমে ছিল সেটা ওই জানে, কখনোই খুলে কিছু বলেনি। যে সমস্যায় ও জড়িত হয়েছে সেখানে আমাদের জড়াতে চাইনি, বলতে চাইনি, আমাদের বললে মেরে ফেলবে, এই আশঙ্কায় কিছু বলেনি। সেই প্রবলেমগুলোই ও ধাপে ধাপে ফেসবুকে পোস্ট করেছে। ও যেখানে থাকতো সেখানে হয়তো কোনও চায়ের দোকান থেকে খাবার খাচ্ছে, বা অন্য কোথাও, সে হয়তো বুঝতে পারছে সেই খাবারে কেউ হয়তো বিষ মিশিয়েছে। সে বা আমিও হয়তো জানিনা আদৌ মিশিয়েছে কিনা। কিন্তু পোস্ট করেছে যে আমার খাবারে কি কেউ বিষ মিশিয়েছে, যে আমার বিষক্রিয়া হচ্ছে শরীরে। ও নিজে থেকে খাচ্ছে না, কিন্তু ওর শরীরে বিষক্রিয়াটা হচ্ছে। কিন্তু আমরাও সেই ব্যাপারে কিছু জানি না।”