কলকাতা: এনআরএস হাসপাতালের চিকিৎসকের রহস্যমৃত্যু। নাগেরবাজারে হস্টেলের ঘর থেকে চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য়। নদিয়ার মাঝেরগ্রামের বাসিন্দা অভিজিৎ এখানে হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বাঁচানোর আর্তিও জানিয়েছিলেন। কিন্তু নিমেষেই সব শেষ। এই ঘটনায় র্যাগিং এবং খুনের মতো মারাত্মক অভিযোগ তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। অভিযোগ, প্রায়ই টাকা চেয়ে বাড়িতে ফোন করতেন চিকিৎসক অভিজিৎ সরকার। হুমকি, অত্য়াচারের হাত থেকে বাঁচতে হস্টেলও পাল্টেছিলেন তিনি। এখানে প্রশ্ন এটি আত্মহত্য়া? না খুন? শুরু হয়েছে তদন্ত। এর মধ্যে চিকিৎসকের মৃত্যু নিয়ে মুখ খুললেন পরিবারের লোকেরা।
নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা, চিকিৎসক অভিজিৎ সরকারের মৃত্য়ু ঘিরে পরতে পরতে রহস্য়। NRS মেডিক্যাল কলেজ থেকে ২০২৪-এ MBBS পাস করেন তিনি। এরপর হাউসস্টাফশিপ শুরু করলেও, পরে তা ছেড়ে দেন অভিজিৎ সরকার। বর্তমানে MD করার প্রস্তুতি নিচ্ছিলেন। তারমধ্য়ে হঠাৎই রহস্য়মৃত্য়ু। নাগেরবাজারে মডার্ন হস্টেলে তিনতলার এই ঘরে ভাড়া থাকতেন বছর ৩০-এর অভিজিৎ সরকার। রবিবার, কালীপুজোর বিকেলে এখান থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
ফেসবুক পোস্টে কী কী লিখেছিলেন ?
”বিশ্বাস করুন, আমি যা কিছু করেছি, বেঁচে থাকার জন্য়ই করেছি। আমাকে মারবেন না, যদি সত্য়িই চান আমার মৃত্য়ু হোক, তাহলে ঘুমের ওষুধ দিন। আমাকে বেঁচে থাকতে সাহায্য় করুন।
আমার অত্যন্ত সুরক্ষা প্রয়োজন। (Please believe me; everything I did was solely to survive, nothing more.Don’t kill me but provide sleeping pill if everyone of you want me to die. I will delete every post from facebook. Please stay alert and help me survive. I desperately need
protection. সোশাল মিডিয়ায় এরকমই একের পর এক পোস্ট করেছিলেন অভিজিৎ সরকার। তারপর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় হস্টেলের ঘর থেকে।
পরিবারের লোকেরা কী জানিয়েছেন ?
মৃত চিকিৎসক অভিজিৎ সরকারের বাবা জানান, ‘হুমকি দিত বলত। আমাকে বাঁচতে দিচ্ছে না। আমার পাশে বিশাল গ্য়াং আছে। তারা আমাকে মেরে দেবে। যেদিনই হোক। ওকে ওখানে সবসময় র্যাগিং করে। সময়ে খেতে দেয় না। পায়ে ছ্য়াঁকা দেয় সিগারেটের আগুনে। আমরা টাকা পাঠাই, সে টাকা ওরা খায়। ওর বন্ধু-বান্ধবরা। ওর দিদির কাছে দিন সাতেক আগে একটা ছবি আছে। পায়ের একটি জায়গা থেকে মাংস তুলে নেওয়া। পায়ে থেকে। ১ মাসে ৫০ হাজার-৫০ হাজার ১ লাখ পাঠিয়েছি। তারপর ১০ হাজার পাঠাই। যখন যা চায়, তখন তা পাঠাই। যখন বলে টাকা ফুরিয়ে গেছে, আমারে ২০ হাজার টাকা দাও, দিই। যেদিন মারা যাবে, সেদিন সকাল ৮টার মধ্য়ে বলেছে, বাবা, তুমি সাবধানে চলো।’
মৃত চিকিৎসকের দিদি পিয়ালি সরকার বলেন, ‘সুইসাইড করেনি। প্রোফাইলে বলে গেছে, যে আমি বাঁচতে চাই, আমাকে ওরা মেরে দেবে। এর মানেই তো মার্ডার হয়েছে। ওর মৃত্য়ুর ১০ মিনিট আগে, ১১.১৫-এ হোয়াটস অ্য়াপে ওর সাথে ভয়েস কল হয়। বলল, ভাই ভাইফোঁটা দেব, বাড়ি আসবি না? বলল দিদি আমি সমস্য়ায় আছি, বাড়ি যেতে পারব না। বলছে, এমন কোনও সমস্য়ার মধ্য়ে আছি, যেটা প্রকাশ করতে পারছি না। সবাইকে বললে, আমার পরিবারের অন্য়রা, বাবা, মা, ২টো দিদি, জামাইবাবু সবাইকে ওরা মেরে ফেলবে। তাদের থেকে লুকিয়ে হয়তো ঘরভাড়া নিত। এবার হয়তো আমাকে খুঁজে পাবে না। জানি না কীভাবে, ওর ফোন নম্বরে ট্র্য়াক করে, ওর সাথে আবার যোগাযোগ করে, ওকে আবার অত্য়াচার করে।” তাঁর আর এক দিদি সহেলি পাল বলেন, ”১০-১২ দিন আগে আমাকে ও ফোন করেছে বলছে, আমার খুব বিপদ। তোদের কেউ মেরে ফেলতে পারে।”