সমীরণ পাল, বসিরহাট: জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে ভাগ্যের কথা বলে থাকেন অনেকে। ভাগ্য সহায় থাকলে কী না হয়! আবারও তার প্রমাণ পাওয়া গেল। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাটের সাত নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার বাসিন্দা অনুকূল পোদ্দার ও তার স্ত্রী রেবা পোদ্দার হাতেনাতে তার প্রমাণ পেলেন।
নেপালে হড়পা বানের (Nepal Flash Flood) কারনে নিখোঁজ ছিলেন বসিরহাটের প্রাক্তন শিক্ষক অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী। মিলছিল না কোনও খোঁজ। তবে তাঁদের সঙ্গে অবশেষে যোগাযোগ করা গিয়েছে। নেপাল থেকে সপ্তাহান্তেই সম্ভবত বাড়িও ফিরছেন তাঁরা। সম্ভবত কালই তাঁদের নিজেদের বাড়িতে দেখা যাবে।
নেপালে হড়পা বানে যেখানে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। সেখানে কেবল ভাগ্যের জোরে একটি বাস মিস করায় তাঁদের জীবন রক্ষা পেল। মানস সরোবর বেড়াতে যাওয়ার পথে নেপালের দুর্যোগের কবলে পড়ে অনুকূল পোদ্দাররা নিখোঁজ ছিলেন। তবে অবশেষে তাঁদের সঙ্গে যোগাযোগ করা গেছে। ফোনে তাঁদের কথাও হয়েছে তাঁদের প্রতিবেশীর সঙ্গে। বড় বিপদের হাত থেকে তাঁরা কোনওভাবে রক্ষা পেয়েছেন।
অনুকূল ও রেবা পোদ্দারের প্রতিবেশীর কাছ থেকে জানা গেছে ভিসা সংক্রান্ত চেকিংয়ের কারণেই তাঁদের একটি বাস ছেড়ে চলে যায়। সেই দেরির কারণেই এ যাত্রায় প্রাণে বেঁচে যান তাঁরা। তাঁদের গ্রুপে একসাথে যারা গিয়েছিল তাঁরা সকলেই ভালো আছেন এবং আগামী রবিবারের তাঁরা বাড়ি ফিরবেন। আজই তাঁরা সকালে ট্রেনে উঠবেন বলে জানিয়েছেন।