কলকাতা: আজ জন্মদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিন উপলক্ষে রাজ্য়জুড়ে উৎসবের আবহ। সল্টলেক থেকে জোড়াসাঁকো… যজ্ঞ, কাটআউটে দুগ্ধাভিষেক এবং লাডডু বিতরণের মাধ্যমে চলল শুভেচ্ছা জ্ঞাপন। অন্যদিকে, সল্টলেক বইমেলা প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করল রাজ্য সরকার। একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজ্যবাসীকে চমক দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর জন্মদিনে, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
সোশ্যাল মিডিয়ায় এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘শ্রদ্ধেয় নরেন্দ্র মোদিজী-কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনার সুস্বাস্থ্য আর আনন্দ কামনা করি। আপনি যাতে আরও দীর্ঘদিন এই দেশের সেবা করতে পারেন, সেই কামনা করছি। আপনার সাফল্য কামনা করছি।’ সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই শুভেচ্ছায় অনেকেই নিজেদের মতো করে মন্তব্য, শুভকামনা জানিয়েছেন। অনেকে আবার বলেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বর্তমানে টলিউডের গুরুদায়িত্বে রয়েছেন। সেই কারণে তাঁর উচিত অন্যান্য বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীদের স্বার্থে কাজ করার। অন্যদিকে সদ্যই এই খবর প্রকাশ্যে এসেছে যে, সেন্সর বোর্ডের বেঞ্চে দায়িত্ব পেয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনেকেই তাঁকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে, কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে, তাঁর সঙ্গে দেখা করে এসেছিলেন অমিত শাহ।
রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন
অন্যদিকে এদিন, গোটা রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অন্নপূর্ণা যোজনা’র কথা স্মরণ করে প্রতি বছর ১৭ সেপ্টেম্বর দিনটিকে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালনের ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদিজির গ্য়ারান্টি ছিল, অন্নপূর্ণা যোজনা, যা আমরা ইতিমধ্য়ে একটা বড় সংখ্য়ক মহিলার অ্য়াকাউন্টে দিতে পেরেছি। আজকে তাঁর (নরেন্দ্র মোদি) জন্মদিন। তাই, প্রত্য়েক বছর আমরা এই দিনটি অন্নপূর্ণা দিবস হিসাবে পালন করব। শুধু এখানে ৬০ হাজার অন্নপূর্ণা আজকে এসেছেন, তা নয়, গোটা রাজ্য়ের প্রায় ৫০০ জায়গায় আরও কয়েক লক্ষ অন্নপূর্ণা যোজনায় যাঁরা উপকৃত, তাঁরা এই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, তাঁদেরও ধন্য়বাদ।’
এ দিন ভার্চুয়ালি ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা। অন্য়দিকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন: Dev-Subhasree: ১০ বছরে অনেকটাই গিয়েছেন শুভশ্রী? উত্তরে দেব যা বললেন…