সুজিত মণ্ডল,নদিয়া: নদিয়া জেলার চাকদায় মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। দুই শিশুকন্যাকে যৌন হেনস্থারও অভিযোগ উঠে এসেছে। মাথায় অস্ত্র ঠেকিয়ে নির্যাতনের অভিযোগ। এর পাশাপাশি বাড়ি-গাড়ি ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। উপযুক্ত বিচার হবে, প্রশাসন ব্যবস্থা নেবে, আশ্বাস হরিণঘাটার বিধায়কের।
স্বামীর হাত বেঁধে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল নদিয়ার চাকদা থানা এলাকায়।মতুয়া সম্প্রদায়ের এই অভিযোগকারিণীর দাবি, বুধবার, গভীর রাতে তাঁদের বাড়িতে চড়াও হয় ৭-৮ জন দুষ্কৃতী।মারধর, বাড়িতে ভাঙচুর এবং লুঠপাট চালানোর পাশাপাশি,অভিযোগকারিণী বলেন, ‘বুধবার রাতে বারোটা-সাড়ে বারোটার পরে সাত-আট জন ছেলে বাড়িতে ঢোকে, বাড়িতে ভাঙচুর করে। দরজা ভেঙে ঢোকে, আমার স্বামীকে মারধর করে, আমাদের মারধর করে। বাচ্চাদের গায়ে হাত দেয়। আমার স্বামীকে মেরে, দু-হাত মুখ বেঁধে আমাকে বন্দুক ঠেকিয়ে আমাকে ধর্ষণ করে।তাদের মুখ ঢাকা ছিল, দেখতে পাইনি। বলছিল তোরা মতুয়া হয়েছিল, কত বড় মতুয়া দেখে নেব। বলেছিল, থানায় জানালে মেরে ফেলে দেব।’
চাকদা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুভম যাদব বলেন, তদন্ত চলছে আমরা খতিয়ে দেখছি, তদন্ত শুরু হয়েছে সবে, আমরা সব কিছু খতিয়ে দেখছি। FSL টিম আসবে। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, ‘আইনি ব্যবস্থা অতি সত্বর নেওয়া উচিত, যে ঘটাবে উপযুক্ত বিচার হবে এবং প্রশাসন কড়াহাতে এগুলো দমন করবে।…যথোপযুক্ত সাজা যেন হয়।’ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষা করানোর পাশাপাশি, তাঁদের গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে।