সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশনের নজরে এবার বন্দর এলাকার বেআইনি নির্মাণ। পাহাড়পুর রোডের একটি বহুতলে গিয়ে কমিশনের সদস্যরা কথা বললেন অভিযোগকারিণীর সঙ্গে। বিল্ডিং প্ল্যান নিয়ে থানায় তলব করা হয়েছে প্রোমোটারকে। 

প্রায় ৩ বছর আগের এক রাত। গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ বহুতল। শিশু ও মহিলা সহ মৃত্যু হয়েছিল ৯ জনের। সেই ঘটনার পরই গার্ডেনরিচে সামনে আসে একের পর এক বেআইনি নির্মাণ। একের পর এক হেলে পড়া বাড়ি নিয়ে শোরগোলের মধ্যে নির্দেশিকা জারি করে তৎকালীন তৃণমূল সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। তবে তারপরও পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি বলেই অভিযোগ।

পালাবদলের পর কলকাতার বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ শুরু করেছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। বৃহস্পতিবার কমিশনের সদস্যরা যান বন্দর এলাকায়।

এদিন দুপুরে মেটিয়াব্রুজ থানায় যান কমিশনের ৫ সদস্য। পাহাড়পুরের ঘটনা-সহ বেআইনি নির্মাণ নিয়ে যে সব অভিযোগ থানায় জমা পড়েছে, সেগুলি সম্পর্কে তথ্য জোগাড় করেন তাঁরা। থানা থেকে পুলিশকে সঙ্গে নিয়ে কমিশনের সদস্যরা যান পাহাড়পুর রোডের বহুতলে। কথা বলেন, বাড়ির বাসিন্দা এক অভিযোগকারিণীর সঙ্গে।

অভিযোগকারিণী সুমন সাহু বলেন, “আমাদের সমস্যা ছিল। আমরা বলেছিলাম, তাই দেখতে এসেছিলেন – সত্যিই সমস্যা আছে না কি মিথ্যে বলছি।” এবিপি আনন্দর তরফে তাঁকে প্রশ্ন করা হয়, কী সমস্যা ? উত্তরে তিনি বলেন, “সমস্যা তো আপনারা দেখেই বুঝতে পারবেন। ঘরের উচ্চতা কি এরকম হয়? আসার পর দেখছি বিল্ডিং বসে যাচ্ছে। জল জমে যাচ্ছে, আমাদের শরীর খারাপ হচ্ছে। জিনিসপত্র নষ্ট হচ্ছে, সাপ-বিছে সব ঘরে চলে আসছে। মানুষ তো মরার জন্য বাড়ি কেনে না, থাকার জন্য, বাঁচার জন্য নেয়।” 

এই বহুতলটি কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত। অভিযোগ, জি প্লাস থ্রি বিল্ডিংটির ওপরের ২টি তলা বেআইনিভাবে নির্মাণ করে হয়েছে। এমনকী, প্রতিশ্রুতি মতো ফ্ল্যাট দেওয়া হয়নি ক্রেতাদের। 

প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশনের এক সদস্য বলেন, “এই ব্যাপারে আমরা কিছু বলতে পারব না। KMC খতিয়ে দেখে জানালে বলতে পারব। এই মুহূর্তে আমরা বলতে পারব না। আমরা কোনও মন্তব্য করতে পারব না, কাগজ না দেখে।” 
 
কমিশন সূত্রে খবর, এলাকায় বেআইনি নির্মাণই শুধু হয়নি, ওইসব নির্মাণের মাধ্যমে বড় অঙ্কের দুর্নীতি হয়েছে।

বিল্ডিং প্ল্যান নিয়ে থানায় ঢাকা হয়েছে মোটারকে। প্রয়োজনে কমিশনেও ডাকা হবে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *