রাজীব চৌধুরী ও পার্থপ্রতিম ঘোষ, সামশেরগঞ্জ : গাইঘাটার পর এবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টারের ঘটনা ঘটল। বিজেপি কর্মী সুজিত মণ্ডলকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সামাউন শেখকে এনকাউন্টার। সে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল বলে দাবি করেছে পুলিশ। এনকাউন্টারের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বিজেপি কর্মী খুনের ঘটনা তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।

ঘটনা কী ?

২৮ অগাস্ট থেকে নিখোঁজ ছিলেন সামশেরগঞ্জের বিজেপি কর্মী সুজিত মণ্ডল। ২ সেপ্টেম্বর তাঁর দেহাংশ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত সামাউন শেখ। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছিল। আজ সিআইডির প্রতিনিধিরা যখন ঘটনাস্থলে তাকে নিয়ে যান, তখনই এনকাউন্টারের ঘটনা ঘটে। হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সুজিত মণ্ডলের মৃতদেহ উদ্ধারের পর পুলিশের গাফিলতির অভিযোগ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। এই ঘটনার পর স্থানীয় সামশেরগঞ্জ থানার আইসি এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়। ফরাক্কার এসডিপিওকেও সরিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। সিআইডির পক্ষ থেকে আজ যখন তাঁকে ঘটনাস্থল অর্থাৎ ধূলিয়ান ডাকবাংলো মোড়ে নিয়ে যাওয়া হয় তখন এনকাউন্টারের ঘটনা ঘটে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছেন সিআইডি আধিকারিকরা। সমস্ত বিষয় ভিডিওগ্রাফি করা হচ্ছে।  

কী অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে ?

২৮ অগাস্ট নিখোঁজ হয়েছিলেন সুজিত মণ্ডল। অভিযোগ, ডাকবাংলোতে একটি ভাড়াবাড়িতে তাঁকে ডেকে পাঠায় সামাউন শেখ। সুজিত মণ্ডলকে সেখানে খুন করা হয়। তারপর মৃতদেহ পার্শ্ববর্তী ভাগীরথী নদীর ফিডার ক্যানেলে ফেলা হয়। সেখান থেকে দেহাংশ উদ্ধার করে পুলিশ। তারপরে মূল অভিযুক্ত হিসাবে সামাউনকেই গ্রেফতার করা হয়। সিআইডি সূত্রের খবর, এই ঘটনার কথা অভিযুক্ত স্বীকার করেছিল। আজ তাকে ঘটনাস্থলে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার সময় এই ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, আজ সিআইডির টিম পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যায়। সেই সময় পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে মূল অভিযুক্ত সামাউন। সেই সময় পাল্টা গুলি চালানো হয় পুলিশের তরফ থেকে। সেই গুলি লাগে অভিযুক্তের গায়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *