কলকাতা : কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধন গিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘নতুন সরকার এসছে। স্বাধীনতা পেয়েছে বাংলা। আমার মনে হয় স্বাধীন বাংলাতে আমরা ঘুরছি। যারা বিজেপিতে আসবেন বলে ভাবছেন, তারা বিজেপিতে স্থান পাবেন বলে আমার মনে হয় না। কলুষিত করছে… তাদের জন্য বার্তা… ভদ্র ভাবে থাকো, তোলাবাজিতে যেও না, আমরা এর ঘোরতর বিরোধী।’
অন্যদিকে, বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর। ‘কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি। তৃণমূল আমলে খেলার মাঠ পাওয়া যায়নি। আমি ছিলাম বলেই মাঠ পাওয়া যায়নি। বাংলার ফুটবলে জোশ ফিরিয়ে আনাই লক্ষ্য। মুখ্যমন্ত্রী-ক্রীড়ামন্ত্রী আমায় সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। অ্য়াকাডেমির ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ১ কোটি টাকা জমে রয়েছে।’ বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি তৈরি করা প্রসঙ্গে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘আপনারা জানেন অনেক বছর আগে এটা নিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু ১৫ বছর এই সরকার আমাদের কিচ্ছি দেয়নি। বিশেষ করে আমার জন্যই দেননি। মাঠ চেয়েছি মাঠ দেয়নি। কিছুই দেননি। এখন আমাদের সরকার এসেছে। সরকার আমাদের সম্পূর্ণভাবে সাহায্য করছেন। মুখ্যমন্ত্রী বিশেষ করে এবং আমাদের ক্রীড়ামন্ত্রীও এগিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বড় বড় ফুটবলাররা রয়েছেন। তাঁরা জেলায় জেলায় যাবেন। ৬০ জন ছেলে তুলে আনবেন। তাদের মধ্যে থাকবে গ্রামের ছেলেরা, শহরের ছেলেরা এবং বিশেষ করে থাকবেন আদিবাসী ভাইরা এবং পাহাড় থেকে আনা হবে ভালো ভালো খেলোয়াড়। সবাইকে নিয়ে তৈরি হবে বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি। আমার ইচ্ছে এক-দু’ বছরের মধ্যে এরা ডিভিশনে খেলবে।’
মিঠুন আরও বলেছেন, ‘আমি ফুটবলপ্রেমী, সকলেই জানেন। জীবনভর ফুটবল নিয়ে ভেবেছি, এটা নেশা বলতে পারেন। এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে বাংলা থেকে ফুটবলার নেই। বিদেশ থেকে খেলোয়াড় এনে আমরা খেলছি। বাংলা ফুটবলে জোশ ফিরিয়ে আনাই লক্ষ্য। এতদিন রাজনৈতিক কারণে কাজ করতে পারিনি। এ নিয়ে লুকিয়ে কথা বলার কিছু নেই। যেহেতু আমার নাম যুক্ত ছিল, তাই ব্যান করে দেওয়া হয়েছিল যে কিচ্ছু দেওয়া হবে না। তবে এবার যেহেতু আমাদের সরকার, তাই এখন সব পাচ্ছি।’