ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বিধানসভা থেকে বই নিয়ে বই ফেরত না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। মন্ত্রী জানান, একজন পাঠক বই ফেরত না দিলে তার বিরুদ্ধে যে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেই পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা যে সব অপ্রয়োজনীয় বই লাইব্রেরিতে রেখে ছিলেন তা সরিয়ে ফেলা হবে। তার জায়গায় রাষ্ট্রবাদী বই রাখা হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিয়েও বই লাইব্রেরিতে রাখা হবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিধানসভা থেকে রবীন্দ্র রচনাবলী নিয়ে, তিনি সেই বই ফেরত দেননি । এই অভিযোগকে ঘিরে যথেষ্ট জলঘোলা হয়েছে। তারই মধ্যে মঙ্গলবার, সিউড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সেখানে তিনি জানিয়ে দেন লাইব্রেরি গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিদ্দিকুল্লা চৌধুরীদের বই কিনতে বাধ্য করা হত। আগের রাজ্য সরকার এসব কাজ করত চাপ দিয়ে। এখন থেকে তা আর হবে না। ‘এপাং ওপাং ঝপাং থাকবেনা। বরং রাষ্ট্রবাদী বই থাকবে লাইব্রেরিতে। ‘ বলেন মন্ত্রী।