বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল, রঞ্জিত সাউ, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তাঁর দাবি,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবার দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠলে ফের ‘সার্জিকাল স্ট্রাইক’ হবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর ABVP এবং SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের পর যাদবপুরকে ঘিরে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখনই দিলীপ ঘোষের এই মন্তব্য। তাঁর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে SFI-ও। পঞ্চায়েতমন্ত্রী বললেন, “পরিবর্তন হয়েছে। অনেককিছুই হবে। ৬ মাস অপেক্ষা করুন। দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ , এটা চলতে দেওয়া যাবে না কোথাও। TMC পুষে রেখেছিল দেশবিরোধীদের। আমাদের লোকেরা ওখানে সার্জিকাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন। সেদিন আমরা করেছিলাম, SFI-এর অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি, স্লোগান ওঠে, একই ঘটনা ঘটবে। আবার সার্জিকাল স্ট্রাইক হবে।”
দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর দাবি, যাদবপুর নিয়ে দিলীপ ঘোষ মাঝেমধ্যেই মন্তব্য করে থাকেন, কিন্তু তাঁর কথাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
বুধবার রাতের ঘটনার জেরে এখনও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেদিন রাতে আগুন, ভাঙচুর, গেটে লাথি, পোস্টার-পতাকা ছেঁড়া, দফায় দফায় অশান্তির ছবি ধরা পড়েছে ক্যামেরায়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর RSS-এর ছাত্র সংগঠন ABVP এবং SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির সদস্যদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বালানোর অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের গেটে লাথি মারা, পোস্টার ছিঁড়ে ফেলা এবং বাম ছাত্র সংগঠনগুলির পতাকায় আগুন ধরানোর অভিযোগও রয়েছে। ঘটনার সময়ের একাধিক ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। কোনও ভিডিয়োয় আগুন জ্বলতে দেখা যাচ্ছে, আবার কোথাও গেট ভাঙার চেষ্টা কিংবা পোস্টার ছিঁড়ে ফেলার দৃশ্য ধরা পড়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ‘হ্যাপি দিওয়ালি’ স্লোগান দিতেও দেখা গিয়েছে। ঘটনার জন্য ABVP-কে কাঠগড়ায় তুলেছে বাম ছাত্র সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে। যদিও ABVP-র পাল্টা দাবি, তাদের সমর্থকরাও হামলার শিকার হয়েছেন।
যাদবপুরের ঘটনা নিয়ে আক্রমণের সুর শোনা গিয়েছে রাজ্য সরকারের আরেক মন্ত্রী তথা বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের গলাতেও। তাঁর অভিযোগ, দেশবিরোধী শক্তি যাদবপুরকে হাব বানিয়ে রেখেছে। পড়ুয়াদের মগজধোলাই করে সমাজ ও দেশের বিরোধী করে তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। অর্জুন সিং আরও অভিযোগ করেন, যাদবপুরে নিয়মিত আন্দোলনের নামে বিশৃঙ্খলা চলছে এবং ক্যাম্পাসের একটি অংশ নেশার আখড়ায় পরিণত হয়েছে। তাঁর দাবি, পড়ুয়াদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বোঝানো প্রয়োজন।
অর্জুন সিংয়ের মন্তব্যেরও পাল্টা জবাব দিয়েছেন সৃজন ভট্টাচার্য। তাঁর দাবি, বিজেপি নেতারা যাদবপুরের ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে দমিয়ে রাখতে পারবেন না। পতাকা পোড়ানো, ঢিল ছোড়া বা গুন্ডামি করে আন্দোলন থামানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।