রুমা পাল, কলকাতা: সনাতন থেকে বিজ্ঞান, নিউটাউন সনাতনী দুর্গাপুজোর এটাই থিম। এই পুজোর চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত।নিজেদের এই পুজোর আঙ্গিক, ভাবনা সবকিছু নিয়েই এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকার দিলেন তিনি।চলতি বছরের এই দুর্গাপুজোয় উপস্থিত হন রাজ্যপাল।
এবিপি আনন্দ: সবসময় এত ব্যস্ততা, তার মধ্যে দুর্গাপুজো কি একটু আলাদা ? মানে ব্যস্ততম দিনের মধ্যে একটু অন্যভাবে কাটানো ?
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত : আমরা তো দুর্গাপুজোর জন্য প্রতিবছর অপেক্ষা করে থাকি। মানে এই সময়টাতেই মানুষ মানুষের সঙ্গে সংযোগ তৈরি হয়। বাইরে থেকে আত্মীয়স্বজন বন্ধুরা সব আসে। আড্ডা মারা যায়, কথা বলা যায়। তো ব্যস্তটা কিছুটা দূরে রাখতে হয়। যাতে এই কয়দিন একটু আনন্দ করা যায় সবার সাথে।
এবিপি আনন্দ: এই পুজো মাঝে তিন বছরে পড়ল। দুই বছর বন্ধ ছিল। তৎকালীন আমলে (তৃণমূল সরকারের আমলে).. জায়গা হয়নি। নানা কারণে জায়গা হয়নি, কী বলবেন ?
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত : আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো। তাঁরা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এবং এই পুজো, যেকোনও পুজোর মত নয় একদিক দিয়ে। আমরা এখানে যেটা তুলে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে ধার্মিক বিষয়টা যেভাবে আছে, তেমনি কিন্তু আমাদের দেশের প্রাচীন বিজ্ঞান, প্রাচীন দর্শন, সেটাকেও আমরা ফোকাস করেছি। আমাদের যেটা মনে হয়েছে যে, আমাদের সবারই জানা উচিত, প্রাচীন ভারতের বিজ্ঞান , চিকিৎসা বিজ্ঞান, কীভাবে কতখানি উন্নতি করেছিল। যেটা আমরা অনেকসময় ভুলে যাই। এবং আধুনিক বিজ্ঞানেরও কীরকম অগ্রগতি হয়েছে, সেটাও আমরা দেখানোর চেষ্টা করেছি।
এবিপি আনন্দ: এত গুরু দায়িত্ব (মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদ) রয়েছে, তার মধ্যে এই কনসেপ্ট বাছার ক্ষেত্রেও কি আলাদা করে ভাবতে হয়েছে, যে কী করা যায়, কারণ ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সনাতন, তারপরে মা দুর্গা, তারপরে বিজ্ঞান। মানে এই দুটো মেলবন্ধন কীভাবে ঘটল ?
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত : দেখুন আমাদের কমিটিতে, যারা বাসিন্দা, তাঁদের একটা বিরাট অংশ এই কমিটির সঙ্গে যুক্ত। এবং এর মধ্যে অনেক বিজ্ঞানী আছেন, অনেক চিকিৎসক আছেন। অনেক আইনজীবী আছেন। বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষ আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করেই, সর্বোসম্মতভাবেই, প্ল্যানটা ঠিক করা হয়েছিল।
এবিপি আনন্দ : কিছুক্ষণ আগেই রাজ্যপাল এলেন। সপরিবারে এলেন। এবং অনেকক্ষণ কাটালেন। কী বলবেন ?
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত : আমরা খুব খুশি যে, তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও, আমাদের কলকাতায় ৩ হাজারের উপর পুজো হচ্ছে, তার মধ্যে তিনি তো সব পুজোয় যেতে পারবেন না, কয়েকটা পুজোতেই যেতে পারবেন। তার মধ্যে তিনি বেছে নিয়েছেন নিজের থেকে আমাদের এই পুজো। সেই জন্য আমরা খুবই খুশি। সেই জন্য আমরা নিউটাউনবাসীর পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই।
এবিপি আনন্দ : দর্শকদের কিছু বলবেন ?
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত : ভাল থাকবেন, খুব আনন্দ করুন। এবং আমরা চাইবো যে, সবাই একটা বিকেল এই খানে কাটিয়ে যান।