কলকাতা: হেনস্থার শিকার বর্ষীয়ান অভিনেতা দীপক কাজ়ির কেজরীবাল (Deepak Qazir Kejriwal)। মুম্বইয়ে ‘সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর (Western India Cine Employees) দফতরেই হেনস্থা করা হয়েছে অভিনেতাকে, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। ২৬ নভেম্বর এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে FIR। ডেজ়ী ক্লেমেন্টস প্রথম এই ঘটনাটাকে সামনে নিয়ে এসেছেন। অভিযোগ, সংগঠনেরই বেশ কিছু সদস্য বর্ষীয়ান অভিনেতাকে লাথি ও ঘুষি মেরেছেন। ঘটনায় শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশনের দফতরে ঢুকতে প্রথমেই বাধা দেওয়া হয়, বর্ষীয়ান অভিনেতা দীপক কাজ়ির কেজরীবালকে। এরপরেই তাঁকে আঘাত করা হয় বলে জানা গিয়েছে।
ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে গত ২৬ নভেম্বর কিছু কাজে সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশনের দফতরে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু তাঁকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। কেন তাঁকে বাধা দেওয়া হচ্ছে, সেই বিষয়টা স্পষ্ট করা হয়নি বলেই অভিযোগ। বর্ষীয়ান অভিনেতা জানতে চান, কেন তাঁকে বাধা দেওয়া হচ্ছে? এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিনেতাকে ঘুষি, লাথি মারা হয় বলে অভিযোগ। ডেজ়ি জানিয়েছেন, প্রথম বচসা শুরু হয় এবং সেখান থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতি পর্যন্ত গড়ায় বিষয়টা। এরপরেই অভিনেতাকে আঘাত করা হয় বলে অভিযোগ।
ডেজ়ির কথা অনুযায়ী, অরমান তাহিল, ব্রিজেশ, রাম এবং স্বপন ভট্টাচার্য নামে চার সদস্য দীপককে মারধর করেন। তিনি আরও বলেন, বর্ষীয়ান অভিনেতা দীপক কাজ়ির কেজরীবালকে খুব খারাপ ভাবে মারধর করা হয়েছে। লাথি, ঘুষি মারা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন দীপক। এখন তাঁর শারীরিক অবস্থাও ভাল নয় বলেই জানা যাচ্ছে। দীপক ক্যানসারে আক্রান্ত। তাঁর নিয়মিত চিকিৎসা চলে। তাঁর সঙ্গে এইরকম ব্যবহারের তীব্র নিন্দা করা হয়েছে বিভিন্ন মহল থেকে।
ডেজ়ি আরও জানিয়েছেন যে, একজন অসুস্থ শিল্পীর সঙ্গে, দফতরের ভিতরে যদি এমনটা ঘটতে পারে, তাহলে অন্যান্য শিল্পীদের নিরাপত্তা তো প্রশ্নের মুখে। তবে এই ঘটনা নিয়ে একটি ভিন্নমতও উঠে এসেছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়’-এর সভাপতি বি এন তিওয়ারী আবার বলছেন, দীপক কাজ়ির কেজরীবাল প্রায়শই ডেজ়ি নামে এক মহিলার সঙ্গে ওই দফতরে আসেন এবং সেখানে অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কিন্তু অভিনেতা অসুস্থ হওয়ায় কেউই সাধারণত তাঁর সঙ্গে সংঘাতে যেতে চান না।
আরও পড়ুন: Mimi Chakraborty: এমারেল্ড দিয়ে সাজিয়েছিলেন আইনি বিয়ের কাগজ-কলমও! মিমির শৌখিনতায় অবাক নেটদুনিয়া