
ঘূর্ণিঝড় অর্ণব – এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে একাধিক জেলায়।

আগামী কয়েকদিন এইসব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে, কারণ এখন ২-৩ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সমুদ্র উত্তাল হবে বলে ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে নিরাপত্তার খাতিরে।

দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ (২৯ অক্টোবর) ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা।

৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার কিছু জায়গায় এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

৩০ এবং ৩১ অক্টোবর পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে কিছুটা। হলুদ সতর্কতা জারি রয়েছে এই জেলাগুলিতে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

৩১ অক্টোবরের পর থেকে কমবে ঝড়বৃষ্টি। ৪ নভেম্বর পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৯ অক্টোবর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জারি রয়েছে হলুদ সতর্কতা। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

৩০ অক্টোবর দার্জিলিং ও জলপাইগুড়ি – এই দুই জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

৩১ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার – এই চার জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি রয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি বইবে দমকা হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
Published at : 29 Oct 2026 07:18 AM (IST)