মুম্বই: বিবাহিত জীবনে ইতি টানার সিদ্ধান্ত নৃত্যশিল্পী তথা অভিনেত্রী স্বপ্না চৌধরির। স্বামী বীর সাহুর থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বিবাহবিচ্ছেদের আবেদন জানালেন আদালতে। ছ’বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বপ্না এবং বীর। (Sapna Choudhary)
নিজেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বপ্না। NMF News-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন। স্বামীর বিশ্বাসঘাতকতা করেছেন, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি, নিজের কেরিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন। (Celebrity Divorce)
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে স্বপ্না জানিয়েছেন, সম্পর্ক কেন ভাঙল, তা সবচেয়ে ভাল জানেন তিনি এবং বীর। যতদিন বনিবনা হচ্ছিল, একসঙ্গেই থাকছিলেন তাঁরা। কিন্তু বিবাহিত জীবন আর এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভালবাসা এবং সম্পর্ক নিয়ে নিজের অবস্থানও তুলে ধরেছেন তিনি।
বিবাহবিচ্ছেদের কারণের দিকে ইঙ্গিত করে স্বপ্না বলেন, “আমার মনে হয়, ভালবাসা শুধুমাত্র শরীরনির্ভর নয়। ভালবাসা মানে আত্মার সম্পর্ক। ভালবাসায় আবেগ জড়িয়ে থাকে। কিন্তু আমার মনে হয়, পুরুষরা একটু বেশি প্র্যাকটিক্যাল। মেয়েরা সর্বদা আবেগে ভেসে যান।”
আরও পড়ুন: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
গ্রামের নৃত্যশিল্পী থেকে উত্থান স্বপ্নার। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ বিশেষ ভাবে নজর কাড়েন। একাধিক মিউজিক ভিডিও-য় দেখা গিয়েছে তাঁকে। স্বপ্না জানিয়েছেন, জনপ্রিয়তার শিখরে থাকাকালীনই বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। স্ত্রী হিসেবে, মা হিসেবে, বৌমা হিসেবে নিজের সব দায়িত্বই পালন করেছেন নিষ্ঠা ভরে। কিন্তু অন্য সবকিছুকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে অবহেলা করেছেন। নিজের পরিচয়, কাজ, আশা-আকাঙ্খা সব হারিয়ে গিয়েছে। তাঁর কথায়, “শুধুমাত্র কারও স্ত্রী, কারও মা অথবা কারও ননদ হয়ে থাকতে পারব না আমি।”
তাহলে এখন কী ভাবছেন স্বপ্না? ফের কখনও বিয়ে করবেন কি না এখনও ভাবেননি। তবে ভালবাসার যোগ্য কাউকে পেলে অবশ্যই ভাবনাচিন্তা করবেন। তবে আপাতত নিজেকে গুরুত্ব দিতে চান, কাজে মন দিতে চান তিনি।
২০২০ সালে হরিয়ানার গায়ক বীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বপ্না। বিয়ের খবর প্রথমে গোপনই রেখেছিলেন। প্রথম সন্তানের জন্মের পর বিয়ের কথা প্রকাশ করেন। তাঁদের দুই সন্তান রয়েছে।