কলকাতা: চোরবাগানকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন আট ইন্টার্ন চিকিৎস। এর জেরে শো কজ করা হল তাঁদের। এর পর শো কজের নোটিস প্রত্যাহারের দাবিতে বুধবার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করেছেন চিকিৎসক-পড়ুয়ারা। আর এর জেরে ফের তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর। ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও হয় বহিরাগতরা, হঠাৎ হামলা চালায় তারা।
‘কেন ডিউটি না করে মুখ খুলেছেন ইন্টার্নরা?’ শোকজ করা হল কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্ন চিকিৎসককে। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হল তাঁদের। চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে মারা যান ১৯ জন। সেই সময় সেই কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন জখমদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁদের এখান থেকে স্থানান্তরও করে দেওয়া হয়। সেই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে হাসপাতালের অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। মেডিক্যাল কলেজ চত্বরে একটি সাংবাদিক বৈঠক করে সেই কথা জানান তাঁরা। আর এর কারণে শোকজ-এর মুখে পড়তে হয় তাঁদের।
শো কজের নোটিস প্রত্যাহারের দাবিতে বুধবার অধ্যক্ষকে ঘেরাও করেছেন চিকিৎসক-পড়ুয়ারা। অধ্যক্ষ্যের ঘরের সামনে বিক্ষোভ চালান তাঁরা। আগে শোকজের সিদ্ধান্ত বাতিল করতে হবে, দাবি ইন্টার্নদের। আর এই বিক্ষোভের মাঝে হঠাৎ বহিরাগত হামলা চালায়। ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও হয় তারা। পুলিশের সামনেই কার্যত প্রায় ১ ঘণ্টা ধরে বহিরাগতরা তাণ্ডব চালায়। বহিরাগতদের হামলায় ভাঙল কলকাতা মেডিক্যালের কাচ। সব রাস্তা ঘিরে ধরে হামলা চালায় তারা। হামলা থেকে বাঁচতে অধ্যক্ষের ঘরে আশ্রয় নেন ইন্টার্নরা।
উল্লেখ্য, চোরবাগানের ঘটনার দিন সাংবাদিক বৈঠক করে মেডিক্যাল কলেজের বিভিন্ন ওষুধপত্র, সিরিঞ্জ, চিকিৎসা সরঞ্জাম না থাকার অভিযোগ করেন। সেই নিয়েই এবার শোকজ করা হল তাঁদের। হাসপাতালের অধ্যক্ষের কাছে লিখিত নির্দেশে আট জন জুনিয়র ডাক্তারের নাম ছিল-সৌম্যদীপ দে, মহম্মদ মহসিন রেজা, আয়ুষ ঝা, অজিঙ্ক্য় কুমার বর্মা, সোহম বেরা, সুমিত মুখোপাধ্যায়, অঞ্জন মণ্ডল এবং অরুণাভ সাঁতরার। তাঁরা সার্জারি এবং অর্থপেডিক বিভাগের ইন্টার্ন। ওই দিন, চিকিৎসকরা সংবাদমাধ্যমে বলেন, “রোগী ভর্তি হওয়ার যে কাগজপত্র, তা তৈরি হয়ে গিয়েছিল। ওপরমহল থেকে নির্দেশ এল যে, রোগীর পরিবারের কাছে অপশন রাখা হোক যে তাঁরা অ্যাপোলোর মতো বড় বেসরকারি সংস্থায় করাতে চান কি না। নিজেদের চোখে দেখি, একাধিক পরিবারকে বলা হচ্ছে, কারা কারা অ্যাপোলতে চিকিৎসা করাতে চান। একজন স্বাস্থ্যমন্ত্রী কী ভাবে এমন মন্তব্য করেন?”