কৃষ্ণেন্দু অধিকারী: রাজ্য রাজনীতিতে ফিরল সেটিং তত্ত্ব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক, মুখ্য় সচেতক আখরুজ্জামানের দাবি, শুভেন্দু অধিকারী যতই বড় বড় কথা বলুন না কেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে গ্রেফতার করতে পারবেন না। আখরুজ্জামানের বক্তব্য, “শুভেন্দুবাবুর টিকি দিল্লিতে বাঁধা আছে।” (Akhruzzaman on Mamata-BJP Setting)
পালাবাদলের পর রাজ্য রাজনীতিতে ফের সেটিং তত্ত্ব ফিরল। তবে চমকটা হল, এবার সেটিং তত্ত্বের নেপথ্যে সিপিএম বা কংগ্রেস নেই। বরং আছেন গণতান্ত্রিক গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক, মুখ্য সচেতক আখরুজ্জামান। ঋতব্রতর পর দলে তিনি কার্যত ২ নম্বর ব্যক্তি। (Abhishek Banerjee)
এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী যতই বড় বড় কথা বলুন না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি গ্রেফতার করতে পারবেন না। কারণ শুভেন্দুবাবুর টিকি দিল্লিতে বাঁধা আছে।” তিনি আরও বলেন, “আমার মনে হচ্ছে, নতুন ভাবে একটা নতুন সেটিংয়ের সমীকরণ তৈরি হয়েছে। মুখ্য়মন্ত্রী তাঁর কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা বোধহয় কিছুটা কন্ট্রোলড (নিয়ন্ত্রিত) হচ্ছেন। না হলে এখনও অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বাইরে থাকবে?”
সেখানেই থামেননি আখরুজ্জামান। তাঁর বক্তব্য, “দিল্লির মানে, একমাত্র পাওয়ারফুল ম্য়ান হচ্ছে মোদি, অমিত শাহ। এখানে এর আগেও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়বড় কথা বলেছেন, যে কারণে তাঁর জেলে যাওয়া উচিত ছিল। সেক্ষেত্রে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হুঙ্কার মারছেন, তার কারণ হচ্ছে দিল্লির সেটিং ছাড়া এটা সম্ভব হতে পারে না এবং আজকেও যে জেলের বাইরে আছেন, সেটা দিল্লির বদান্য়তায়। আমার মনে হচ্ছে, ডাল মেঁ কুছ কালা হ্যায়।”
ঠিক যা বললেন আখরুজ্জামান, একনজরে—
- ‘সেটিংয়ের নতুন ভাবে একটা তথ্য আমার কাছে আসছে।’
- ‘যাবতীয় দুর্নীতির মাস্টারমাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও জেলে নেই। জেলের বাইরে থেকেও এখানকার রাজ্য পুলিশকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাঝে মাঝে হুঙ্কার মারছেন।’
- ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হুঙ্কার মারছে, দিল্লির সেটিং ছাড়া এটা সম্ভব হতে পারে না।’
- ‘দিদির সঙ্গে মোদির এবং দিল্লির তৃণমূল ও বিজেপির নেতৃত্বের বোঝাপড়ার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত হুঙ্কার।’
- ‘শুভেন্দু অধিকারী যত বড় বড় কথা বলুন না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি গ্রেফতার করতে পারবেন না। কারণ শুভেন্দুবাবুর টিকিটা দিল্লিতে বাঁধা আছে।’
পালাবাদলের পর ছ’মাস কাটতে চলেছে। মাঝে মধ্যেই শুভেন্দুকে আক্রমণ করে চলেছেন অভিষেক। কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। পাল্টা শুভেন্দুও নাম না করে বিভিন্ন সময় হুঁশিয়ারি দিয়ে চলেছেন। লাগাতার বাগযুদ্ধ চলছে। আর সেই আবহেই বিস্ফোরক দাবি করলেন আখরুজ্জামান। তাঁর বক্তব্য, “চাকরির ক্ষেত্রে দুর্নীতি, প্রাইমারি স্কুল, হাই সেকেন্ডারি স্কুল,কয়লা-বালি-পাথর-গরু যাবতীয় যা কিছু দুর্নীতি বা এই অরাজকতা হয়েছে, তার মাস্টারমাইন্ড অভিষেক বন্দ্যাপাধ্যায়, এমনটা বারবার উঠে এসেছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও জেলে নেই। আমার মনে হচ্ছে, আবার দিল্লির সঙ্গে ওর (অভিষেক বন্দ্যোপাধ্যায়)… এর আগে তো সেটিং ছিল, যে কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ঔদ্ধত্য, এত সাহসের পরেও পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারছেন না। আমার মনে হচ্ছে, একটা নতুন ভাবে একটা নতুন সেটিংয়ের সমীকরণ তৈরি হয়েছে। আবার দিদির সঙ্গে মোদির, অভিষেকের সঙ্গে দিল্লির বিজেপি নেতৃত্বের সঙ্গে ভাল বোঝাপড়ার কারণে এত হুঙ্কার, এত দম্ভ নিয়ে ঘুরছেন উনি।”
ভোটের আগে-ভোটের পরে বার বার অভিষেককে নিশানা করেছে বিজেপি। বিরোধী দলনেতা থাকাকালীনও সরব ছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হওয়ার পরও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই আবহেই ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন আখরুজ্জামান। তাঁর কথায়, “মুখ্য়মন্ত্রী এই যে বার বার বলছেন ব্য়বস্থা হবে, ব্য়বস্থা হবে…আমরা শুনতে চাই না, দেখতে চাই।”
আখরুজ্জামানের দাবি নিয়ে প্রশ্ন করলে বিজেপি-র রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, “যারা এই অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং দিল্লির নতুন করে তৈরির চেষ্টা করছে, কিছু হবে না। কোনও কাজ নেই, মানুষের আনাগোনা নেই, কার্যকর্তা নেই, কী করবে! কিছু নিয়ে তো প্রেসের কাছে যেতে হবে? তাই প্রেসের কাছে গিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যবস্থা করছে।”
অন্য দিকে, মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “আখরুজ্জামানরা তো বিজেপি-র বি টিম! বিজেপি-র দালাল! তৃণমূলকে ভাঙার চেষ্টা করেছে বিজেপি-র মদতে, হাত মিলিয়ে!”
তবে সেটিংয়ের তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, “শুভেন্দু যেমন অমিত শাহের স্নেহধন্য, অভিষেকও তেমন মোদি-শাহের স্নেহধন্য! দিল্লি বিজেপি-র সহযোগিতায় তৃণমূল চলেছে। টিকি তো বাঁধা আছে অবশ্যই।” প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী আবার বলেন, “তাদের কতটা ক্ষমতা আছি জানি না। সদিচ্ছার প্রশ্ন আছে। সমস্যা জিইয়ে রাখা আর সমাধান করার মধ্যে ফারাক আছে অনেকটা।”
আরও পড়ুন: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
অভিষেকের বিরুদ্ধে মামলার তালিকা বলতে বসলে সন্ধে কাবার হয়ে যাবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সি তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল। রাজ্য়ে পালাবদলের পর অভিষেকের বিরুদ্ধে ডিজে বাজানোর হুমকি, নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন-বিরুদ্ধ কাজ করানো, সেবাশ্রয়-দুর্নীতি, মাটি চুরির মতো অভিযোগে গুচ্ছ গুচ্ছ মামলা হয়েছে। এর মধ্য়ে একাধিক মামলার প্রেক্ষিতে তিনি থানায় এবং ভবানী ভবনে হাজিরাও দিয়েছেন। কিন্তু, বিজেপি কর্মীরা যে এতে খুশি নয়, তা তো সম্প্রতি বোঝাই যায়, যখন নন্দীগ্রামে এক ব্য়ক্তি সরাসরি মুখ্য়মন্ত্রীকে প্রশ্ন করেন, “দাদা ভাইপো কবে ঢুকবে?” এবার আখরুজ্জামান যা বলে দিলেন, তাতে বিজেপি কর্মীদের হতাশা কি আরও বাড়বে?
রাজনীতিতে তল খুঁজে পাওয়া কঠিন! যা চোখে দেখা যাচ্ছে, তা কি সত্য়ি! না কি পর্দার আড়ালে অন্য় কোনও খেলা হচ্ছে? কার সুতোয় কে গাঁথা? এইসব প্রশ্নের উত্তর কখনও পাওয়া যায় না।