কলকাতা : তৃণমূল ভেঙে খানখান হয়ে যাওয়ার পর, অনেক নেতাই বিজেপির শিবিরে আসতে মরিয়া। প্রশ্ন উঠছে, বিজেপি কি তাঁদের নেবে ? ২০২১-এ বিধানসভা ভোটের আগে দেখা গেছিল এরকমই দলবদলের খেলা। এবার পুরভোটের আগে কী করবে বিজেপি ?

কলকাতা পুরভোটে বিজেপির সঙ্গে জোট করতে মরিয়া NCPI। কিন্তু এখনও হাত ধরতে রাজি নয় বিজেপি। তৃণমূল ভেঙে খানখান হয়ে যাওয়ার পর, অনেক নেতাই বিজেপির শিবিরে আসতে মরিয়া। কিন্তু প্রশ্ন উঠছে, বিজেপি কি তাঁদের নেবে ? রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, “NCPI একটা নতুন দল তৈরি হয়েছে। তারা NDA-তে সামিল হয়েছে। কিন্তু ওটা তো দিল্লিতে। প্রায় ১৫০০ কিলোমিটার দূর।” অন্যদিকে, NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ) কাকলি ঘোষ দস্তিদার বলেন, “মতবাদের দূরত্ব হয় না। নীতির দূরত্ব হয় না।”

২০২১-এ বিধানসভা ভোটের আগে দেখা গেছিল এরকমই দলবদলের খেলা। দলের নিচু স্তর থেকে হেভিওয়েট… তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িকের সাক্ষী হয়েছিল গোটা দেশ। রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালের মতো একাধিক তৎকালীন হেভিওয়েট তৃণমূল নেতা চাটার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে, অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। 

আবার রাজ্যে বসেই বিজেপির দরজায় কড়া নেড়েছিলেন দীপালি বিশ্বাস, অরিন্দম ভট্টাচার্য, সব্যসাচী দত্ত, জিতেন্দ্র তিওয়ারি, শীলভদ্র দত্ত, শুভ্রাংশু রায়, সুনীল সিং-এর মতো তৃণমূল নেতারা। তৃণমূল থেকে আসা সিংহভাগ হেভিওয়েট নেতাকেই ২০২১ সালে বিধানসভা ভোটে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু দেখা যায়, তৃণমূলের ঘর ভাঙার এই খেলায় সেই সময় সাময়িকভাবে লাভবান হলেও, বিধানসভা ভোটে এই দলবদলুদের কার্যত সবাই পরাজিত হয়। এবার পুরভোটের আগে কি করবে বিজেপি ?

এ প্রসঙ্গে শীর্ষস্তরের এক বিজেপি নেতা বলেন, “আরে থাক না NCPI হোক, RJD হোক, সমাজবাদী পার্টি হোক…তাতে আমার কী যায় আসে। এদের দেখে মানুষ একটা ভোট দেবে না। এদের সঙ্গে যত দূরত্ব থাকবে, তত আপনি সেফ আছেন। এদের নিয়ে রাজনীতি করা যাবে না। একেবারে না। অসম্ভব। হতেই পারে না। এদের নিয়ে আপনি রাস্তায় নামলে মানুষ আপনার ওপর থুতু ফেলবে। আরে এরা তো চোর। এরাই তো সব লুঠেপুটে শেষ করেছে। ওদের মানুষ ভোট দেবে ?”

অন্যদিকে বিধায়ক কুণাল ঘোষ ( ‘কালীঘাট-তৃণমূল’-এর) বলেন, “আমি পরিষ্কার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক তাঁরা প্রার্থী দেবেন। মানুষের সমর্থনে তাঁরা জিতবেন। এর বাইরে কে কী করছে এগুলো আমাদের আলোচ্যের মধ্যে পড়ছে না। ওই তো বিচিত্র পরচুলা…ওঁর দু’-চারজন কাউন্সিলরকে নাচাচ্ছেন NCPI-তে দাঁড়াতে। দাঁড়াবে। জমানত যাবে।” এখন প্রশ্ন হল, ২০২১ সালের বিধানসভা ভোট থেকে কি এবারের পুরভোটে শিক্ষা নেবে বিজেপি ? দলবদল হবে, কি হবে না ? তৃণমূলের কোনও প্রাক্তন নেতা বা কাউন্সিলরকে বিজেপি প্রার্থী করবে, কি করবে না ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *