কলকাতা: বিগ বস বাংলার ঘরে ফাইনালে যাওয়ার লড়াই ঘিরে এবার তুমুল বিতর্ক! ‘টিকিট টু ফিনালে’ জিততে গিয়ে প্রতিযোগী জিতু কামালের আচরণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। প্রতিপক্ষ সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর এই ঘটনা দেখেই ক্ষোভ উগরে দিলেন সৌরভের স্ত্রী, অভিনেত্রী দর্শনা বণিক। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিক্রিয়া ঘিরেও শুরু হয়েছে আলোচনা।
ঠিক কী ঘটেছিল বিগ বসের ঘরে?
বিগ বস বাংলার ‘টিকিট টু ফিনালে’ টাস্কের শেষ পর্যায়ে মুখোমুখি হয়েছিলেন জিতু কামাল ও সৌরভ দাস। দু’জনকে একটি রিকশায় বসে থাকতে হয়েছিল। নিয়ম ছিল, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রিকশা থেকে নামা চলবে না। অন্য প্রতিযোগীরাও নানা ভাবে তাঁদের বিরক্ত করার চেষ্টা করছিলেন। কখনও গায়ে ফোম মাখানো, কখনও বরফ জল ঢেলে দেওয়া—সব বাধা সামলে টিকে থাকার লড়াই চলছিল।
এরই মধ্যে ঘটে যায় বিপত্তি। অভিযোগ, ‘সরি সৌরভ’ বলেই আচমকা তাঁকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন জিতু। মাটিতে পড়ে চোট পান সৌরভ। এই ঘটনার পরেই জিতুর আচরণ নিয়ে প্রশ্ন ওঠে বিগ বসের ঘরে। সৌরভের দাবি, এর আগে জিতু শিবের দিব্যি দিয়ে কথা দিয়েছিলেন যে তিনি তাঁকে ধাক্কা দিয়ে সরাবেন না। কিন্তু শেষ পর্যন্ত সেই কথা রাখা হয়নি বলেই অভিযোগ।
স্বামীর পাশে দাঁড়িয়ে কী বললেন দর্শনা?
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সৌরভের স্ত্রী দর্শনা বণিক। তাঁর বক্তব্য, ‘অত্যন্ত লজ্জাজনক। সৌরভ তুমি জিতে গিয়েছ আমার জন্য।’ অর্থাৎ, টাস্কের ফলাফল যাই হোক না কেন, দর্শনার চোখে স্বামীর লড়াইটাই আসল জয়।
অন্যদিকে, সৌরভের মাও জিতুর এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর মতে, যে উপায়ে সৌরভকে টাস্ক থেকে সরানো হয়েছে, তা অনৈতিক এবং ভয়ঙ্কর। সৌরভ বরাবরই সৎ উপায়ে জিততে চায়, কাউকে আঘাত করে জয় ছিনিয়ে নেওয়া তাঁর স্বভাব নয় বলেও দাবি করেছেন তিনি।
জিতুর জয় নিয়েই এখন প্রশ্ন!
এই ঘটনার পর বিগ বসের বাড়ির অন্দরেও তৈরি হয়েছে মতবিরোধ। একাংশের প্রতিযোগী জিতুর আচরণের সমালোচনা করেছেন, আবার কেউ কেউ তাঁর খেলার কৌশলকে সমর্থন করেছেন। অন্যদিকে, দর্শকদের মধ্যেও শুরু হয়েছে তর্ক-বিতর্ক।
তবে বিতর্কের মাঝেই আরও একটি চমক। টিকিট টু ফিনালে জেতার পর জিতু নাকি বিগ বসের কাছে সেই টিকিট ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, তা নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
সব মিলিয়ে, ফাইনালের লড়াইয়ের আগেই বিগ বস বাংলার ঘরে নতুন বিতর্ক। আর সেই বিতর্কে দর্শনার স্পষ্ট বার্তা—তাঁর কাছে আসল জয়ী সৌরভই!