কলকাতা: ১৬ অগস্ট নেতাজি ইন্ডোর থেকে রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানালেন এটা তাঁর সরকারের ৯৯ তম দিন। আর ১৭ অগস্ট হতে চলেছে নতুন সরকারের ১০০ তম দিন। পূর্ব ঘোষণা অনুযায়ী এই দিন থেকেই ফের মিলতে থাকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা।
১৬ অগস্ট মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অধিকাংশ মানুষ ইতিমধ্যেই এসে গিয়েছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে। আর যাঁরা বিভিন্ন কারণে সেই যোগ্যতামান উতরাতে পারেননি, তাঁদের জন্য রয়েছে অন্য ব্যবস্থা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁদের জন্য বিশেষ ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’র ব্যবস্থাও করা হয়েছে।
১২ অগস্ট একটি সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “ভেরিফিকেশনে যাঁরা যোগ্য, তাঁদের টাকা ১৭ তারিখ থেকে দেওয়া হবে। এর পরও একটা অভিযোগ পোর্টাল রাখব আমরা। যেখানে যে কেউ আগামীতে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগ নিষ্পত্তি করতে আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে।” আর হিসাব করে দেখা যাচ্ছে ১৭ অগস্ট পশ্চিমবঙ্গের নতুন সরকারের ১০০ তম দিন। অর্থাৎ, কাকতালীয় ভাবে সেই একই দিন থেকেই রাজ্যের ‘যোগ্য’ মানুষরা ফে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করবেন।
মুখ্যমন্ত্রী সেই সব থেকে বলেন, ১ কোটি ৭০ লক্ষের বেশি মানুষ আবেদন করেছিলেন অন্নপূর্ণা যোজনার। তিনি জানান, “আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে, জেলাশাসকদের নেতৃত্বে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করি। জুন ও জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদনের পোর্টাল চালু ছিল। এবং এখানে প্রায় ১ কোটি ৭০ লক্ষ বা তার থেকে কিছু বেশি তাঁরা আবেদন করে। এর মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিল। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল। অনেকের অভিযোগ ছিল, যাঁরা যোগ্য নয়, তাদেরও দিয়ে দেওয়া হয়েছে।”
সেপ্টেম্বর থেকে মাসের দ্বিতীয় সপ্তাহেই মিলবে টাকা, ১২ অগস্টের সভা থেকে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি। যে কাজ আগামিকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্যে দিয়ে ইতিমধ্যে যাঁরা ভেরিফায়েড হয়েছেন, সেই সংখ্যাটা গত মাসের থেকে অনেক বেশি। অর্থ দফতর ১৭ তারিখ থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে থাকবে। যাঁরা ভেরিফায়েড হলেন তাঁরা মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পেয়ে যাবেন।”