কলকাতা : তৃণমূলের শাসনকালের লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ দেড় হাজার, বিজেপির হাতে একলাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকার দিকে অনেক মহিলাই সাগ্রহে তাকিয়ে থাকেন। মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন? কাদের নাম বাদ যাবে তালিকা থেকে? এই নিয়ে ঝাড়াই-বাছাইয়ে বেশ কিছুটা সময় নিয়েছে রাজ্য সরকার। ধাপে ধাপে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার টাকা।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে একটি পরিবারের সর্বোচ্চ দু’জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন জানান, বিগত দিনে যে যুব সাথী প্রকল্প ছিল, সেই প্রকল্পের নাম বদল হয়েছে এই সরকারের আমলে। এখন সেই নাম ভরসা কর্মসূচি । এই কর্মসূচির নোডাল দপ্তর হচ্ছে যুব কল্যাণ দপ্তর। চার মাস আগে আগের সরকারের আমলে, রাজ্য সরকার চুয়ান্ন লক্ষ যুবক যুবতীকে (২১ থেকে ৪৫ বছরের ) দেড় হাজার টাকা করে দিত। কিন্তু এখন ভরসা কর্মসূচির আওতায় সরকার, সরকারি ভোকেশনাল ইনস্টিটিউশন আইটিআইতে যাঁরা ডিপ্লোমা করছেন, তাঁদের দু’হাজার টাকা এবং যারা নন গ্র্যাজুয়েট তাদেরকে দেড় হাজার টাকা করে দেওয়া হবে জানুয়ারি মাস থেকে, এক বছরের জন্য। এদের মধ্যে যারা সেই সময় অ্যাপ্লিকেশন করেননি বা বঞ্চিত হয়েছেন, তাঁরা আবেদন করতে পারেন ‘আপনার সরকার আপনার পাশে’ শিবিরে গিয়ে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিগত সরকারের সময় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের রি-ভেরিফিকেশন করা চলছে ৩১ ডিসেম্বর অবধি। জানুয়ারি থেকে তাঁরা টাকা পাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, অন্নপূর্ণা যোজনাতে যারা তিন হাজার টাকা ভাতা পান, তাঁরা এই ভাতা পাবেন না। দুটো ভাতা একসঙ্গে দেওয়া হবে না । মুখ্যমন্ত্রী আরও জানান, অন্নপূর্ণা যোজনার টাকা একই পরিবারে সাতজনও পেয়েছেন এমন কিছু পরিবারও আছে। সেটা পরিবর্তন করা হয়েছে। ‘ভরসা স্কিমে একটি পরিবারে সর্বোচ্চ দুজন পাবেন। আর যাঁরা অন্নপূর্ণা যোজনায় পেয়েছেন বোনেরা, তারা এই ভাতা পাবেন না। তারা অন্নপূর্ণাই পাবেন।’ বলেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান, পাল্টে যাচ্ছে রাজ্যের ওয়েস্ট বেঙ্গল নাম। পশ্চিমবঙ্গ নাম এবার থেকে ইংরেজিতে লেখা হবে পশ্চিমবঙ্গ হিসেবেই ।