নয়াদিল্লি: উত্তরপ্রদেশে গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক তথা ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হরিয়ানার স্থানীয় ভাষায় গান গাওয়ার জন্য বিপুল জনপ্রিয়তা ছিল তাঁর। জিমের বাইরে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চার দুষ্কৃতীর। চার দুষ্কৃতি মিলে প্রায় ২০ রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। সরাসরি মাথায় গুলি লাগে অঙ্কিতের। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অঙ্কিতকে খুনের নেপথ্য়ে রাজনৈতিক সংযোগ থাকতে পারে বলে জোর জল্পনা।  (Singer Ankit Baliyan Shot Dead)

৩৫ বছর বয়সি অঙ্কিত বিপুল জনপ্রিয় ছিলেন। তাঁর অন্যতম হিট গান ছিল, ‘ভরী কোর্ট মেঁ গোলি মারেঙ্গে মেরি জান’। ওই গানের সঙ্গে তাঁর জীবন মিলে গেল বলে মনে করছেন অনুরাগীরা। ‘Gogi Gang’ অঙ্কিতের হত্যার দায় স্বীকার করেছে। (Ankit Baliyan Killed)

আরও পড়ুন: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর

বুধবার সন্ধে ৭টা নাগাদ জিম থেকে বেরোচ্ছিলেন অঙ্কিত। সেই সময় তাঁর উপর হামলা করে দুষ্কৃতীরা। অঙ্কিত লুটিয়ে পড়তেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীদের ওই দল। কেন তাঁকে এভাবে হত্যা করা হল, তার কারণ সন্ধান করছে পুলিশ।

অঙ্কিতকে হত্যার দায় স্বীকার করেছে ‘গোগী গ্যাং’। বলা হয়েছে, তাদের শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছিলেন অঙ্কিত। গ্যাংয়ের কিছু ঘটনা নিয়ে গানও বানিয়েছিলেন। তাই সরিয়ে দেওয়া হল তাঁকে। ‘গোগী গ্যাং’-এর সদস্য ভোলু শাহপুরিয়া সোশ্য়াল মিডিয়ায় লেখে, ‘এই তো সবে শুরু। প্রত্যেকের সময় আসবে’। উত্তরপ্রদেশ পুলিশকেও হুমকি দিয়েছে ভোলু। আরও একাধিক এমন ঘটনা ঘটতে চলেছে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন: জলপ্রলয়ে বিধ্বস্ত নেপাল, ভূমিকম্প না তুষার-পাথর ধস, বিপর্যয়ের আসল কারণ কী, জানালেন বিজ্ঞানীরা

পুলিশ জানিয়েছে. শরীরচর্চার পর জিম থেকে বেরিয়েছিলেন অঙ্কিত। ২০-২৫ মিটার এগিয়েছিলেন সবে। নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন। সেই সময়ই হামলা করে দুষ্কৃতীরা। এর আগে, পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকেও গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। সেই ঘটনার দায় নেয় লরেন্স বিশ্নোইয়ের ‘বিশ্নোই গ্যাং’। অঙ্কিতের পরিণতিও তেমনই হল।

অঙ্কিত আসলে উত্তরপ্রদেশের শামলীর বাসিন্দা। তবে বেশ কিছু বছর ধরে হরিয়ানার রোহতক এবং সোনিপত তাঁর ঠিকানা হয়ে উঠেছিল। গানের পাশাপাশি, অভিনয়েও হাত পাকাচ্ছিলেন। নিয়মিত শামলীর ওই জিমে যাতায়াত ছিল তাঁর। গত এক বছর ধরে সেখানে যাচ্ছিলেন তিনি।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, “অত্যন্ত নিন্দনীয় ঘটনা। উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা একেবারে শূন্যে নেমে এসেছে।” এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কার্যকারণও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। অখিলেশের দাবি, জাঠদের নিশানা করা হচ্ছে উত্তরপ্রদেশে। 

সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে ছিল অঙ্কিতের। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। তবে কোন দলের হয়ে প্রার্থী হওয়ার কথা চলছিল, তা নিয়ে কিছু জানা যায়নি। ফলে তাঁকে খুনের নেপথ্যে রাজনৈতিক সংযোগও থাকতে পারে বলেও মনে করছেন অনুরাগীদের একাংশ।  অঙ্কিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *