অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এলাকার বিজেপি অনুগামীদের । অভিষেকের জন্মদিনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠল তাঁক কালীঘাটের বাড়ির চত্বর। স্লোগান – পাল্টা স্লোগান থেকে বাদানুবাদ, তারপর হাতাহাতি। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে অভিষেকের বাড়ির চারিপাশ।সাংসদ নিজে বাড়ি থেকে বেরিয়ে এসে জানান, তাঁকে প্রাণেই মেরে দেওয়া হত, যদি না এতজন সমর্থক থাকতেন। তাঁর অভিযোগ, বিজেপি আশ্রিত গুণ্ডারাই এই তাণ্ডব চালিয়েছে। ছেঁড়া হয়েছে তাঁর ছবির কাট আউট, পোস্টার । তিনি অভিযোগ তোলেন, বিজেপি আশ্রিত গুণ্ডারা নাকি পুলিশের গালে চড়ও মেরেছে !
অভিষেক রাতে সোশ্যাল মিডিয়ায় লেখেন , ‘এইমাত্র রাত ২টোর সময় কলকাতা পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডারা আমার বাড়িতে হামলা করল। এই পুরো ঘটনাটি ঘটার সময় নীরব দর্শক হয়ে থাকার জন্য কলকাতা হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। আমি সবকিছু আপলোড করব।’
এর আগে শুক্রবার সকালে অভিষেক একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি অভিযোগ করেন, কেউ বা কারা তাঁর বাড়ির সামনে ‘রেকে’ করছে। তাঁদের ছবিও প্রকাশ করেন তিনি। তিনি লেখেন, ‘গত দুদিন ধরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমার অফিস ও বাড়িতে নজরদারি চালাচ্ছে। তাদের মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর নিচে উল্লেখ করা হলো। জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের পুলিশের লোক বলে দাবি করে। রাজ্য পুলিশ কেন তাহলে গুপ্তচরবৃত্তি করছে?’
শুক্রবার রাতে দেড়টা নাগাদ অভিষেকের অনুগামীরা জন্মদিন উপলক্ষে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক চোর স্লোগান দেন। পাল্টা স্লোগান দেন অভিষেকের অনুগামীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একে অপরকে লক্ষ্য় করে ইট বৃষ্টি শুরু হয়। শুরু হয় তুমুল হাতাহাতি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও ভোর রাত পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।