কলকাতা : ‘এত দুর্নীতির পরেও কিছু হবে না, কারণ সেটিং আছে।’ এবার বিজেপির সঙ্গে কালীঘাট-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ তুললেন মদন মিত্র। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট-তৃণমূল। ‘মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই’, বলেছেন ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়া কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূলের কোন শিবিরের সঙ্গে বিজেপির সেটিং চলছে? কালীঘাট তৃণমূলের সঙ্গে, না কি ঋতব্রত তৃণমূলের সঙ্গে? এই নিয়ে দাবি, পাল্টা দাবির মধ্য়েই বিস্ফোরক অভিযোগ করলেন, একদা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত ঘনিষ্ঠ, বর্তমানে ঋতব্রত শিবিরের বিধায়ক মদন মিত্র।
মদন মিত্র বলেছেন, ‘বিজেপির সঙ্গে সেটিং করার এই তত্ত্বটা পশ্চিমবঙ্গে যিনি এনেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিচ্ছু করবে না বিজেপি। আমি মদন মিত্র বলছি, বিজেপি মমতাকে বাঁচিয়ে রাখবে। তার কারণ, মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই।’ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছিলেন মদন মিত্র। বিদেশ যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির সঙ্গে সেটিং করতে রাজি ছিলেন বলেন দাবি করেন মদন মিত্র। ফের মুখ খুললেন তিনি।
মদন বলেছেন, ‘চোখের সামনে যে জোচ্চুরি, যে মিথ্যা এবং প্রতি মুহূর্তে একটা কাল্পনিক বাতাবরণ তৈরি করে। উপরে কুস্তি আর রাতে দোস্তি বিজেপির সঙ্গে, এটা দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ১৫ বছর ক্ষমতায় না থাকতেন, বিজেপি আরও ৫০ বছর ক্ষমতায় আসত না। বিজেপির যদি সত্যি কেউ চিফ ইলেকশন এজেন্ট থাকে ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’ সব মিলিয়ে ফের একবার মদন মিত্রের বিস্ফোরক দাবি ঘিরে সরগরম রাজনীতি।