সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে ‘গালিগালাজ’, গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট। মহিলা চিকিৎসককে গালিগালাজের অভিযোগে পুলিশের জালে কলকাতা পুলিশের সার্জেন্ট। অভিযুক্ত সার্জেন্টকে পাকড়াও করেছে বিধাননগর উত্তর থানার পুলিশের। ধৃত দিব্যেন্দু সিংহ কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে কর্মরত বলে জানা গিয়েছে।
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
কলকাতা পুলিশের যে সার্জেন্ট গ্রেফতার হয়েছেন তিনি লালবাজারে কর্মরত। শুক্রবার রাত ২টো থেকে আড়াইটে নাগাদ বিধাননগর উত্তর থানায় একটি ফোন আসে (১০০ নম্বরে)। সেখানে বলা হয় সিএবি ক্যাম্পের কাছে কলকাতা পুলিশের যে আবাসন রয়েছে, যা বিধাননগর উত্তর থানার আওতাতেই পড়ে, সেখানে একজন পুলিশকর্মী মত্ত অবস্থায় বাকি পুলিশকর্মী এবং তাঁদের পরিবারের লোকজনকে গালিগালাজ করছে। বিধাননগর উত্তর থানার পুলিশ সেখানে যায় এবং অভিযুক্ত পুলিশকর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অভিযোগ, মত্ত অবস্থায় অভিযুক্ত পুলিশকর্মীকে থানায় নিয়ে আসার পরে, সেখানেও তিনি ডিউটি অফিসারকে গালিগালাজ করেন, অশ্রাব্য ভাষায় কথা বলতে থাকেন। এরপর ওই অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্টকে গ্রেফতার করা হয়। নিয়ম অনুযায়ী গ্রেফতারের পর মেডিক্যাল টেস্ট করানো হয়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃত পুলিশকর্মীকে। অভিযোগ, হাসপাতালে এক মহিলা চিকিৎসক যখন অভিযুক্ত পুলিশকর্মীর চিকিৎসা করার চেষ্টা করছিলেন, তখন তাঁর উদ্দেশ্যেই মারমুখী হয়ে ওঠেন ওই অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্ট। মহিলা চিকিৎসককেও তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। এরপর কোনওমতে তাঁর শারীরিক পরীক্ষার পর, তাঁকে বিধাননগর উত্তর থানায় ফিরিয়ে আনা হয়।
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
আজ যখন অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্টকে বিধাননগর আদালতে পেশ করা হয়, তখন তাঁর মামলার সঙ্গে যুক্তও নয় এমন একজন আইনজীবীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ওই অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে। ট্র্যাফিক সার্জেন্টের এইসব কীর্তিকলাপ শোনার পর তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়েছে আদালতে। এর আগেও এই ট্র্যাফিক সার্জেন্টের বিরুদ্ধে মত্ত অবস্থায় নিজের আবাসনে মারমুখী হওয়া এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এবার কেন এই ট্র্যাফিক সার্জেন্ট এমন কাণ্ড ঘটালেন তা খতিয়ে দেখছে পুলিশ।