কলকাতা: রাজ্য সফরে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। কোলাঘাটে প্রশাসনিক বৈঠক সেরে কলকাতায় ফেরার পথে স্টল থেকে খেলেন ঝালমুড়ি। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন কোলাঘাটে এসে রাজ্যের জন্য ১ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন নিতিন গডকড়ী। কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্পের প্রতিশ্রুতিও দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী। আগের তৃণমূল সরকার কেন্দ্রের থেকে এইসব সহায়তা নিতে পারেনি বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। বিজেপি থাকলে দরাজ আর তৃণমূল থাকলে টাকা দেব না, এমন হবে কেন? পাল্টা প্রশ্ন তুলেছে মমতা-তৃণমূল।
পশ্চিমবঙ্গের জন্য ১ লক্ষ কোটি টাকার সড়ক পরিকাঠামো প্রকল্পের ঘোষণা। আমেরিকার মতো রাস্তার প্রতিশ্রুতি। ৫ বছরের মধ্যে রাজ্যের জাতীয় সড়কের চেহারা বদলে দেওয়ার ঘোষণা। যোগাযোগ ব্যবস্থা উন্নতিতে বড় পদক্ষেপের ইঙ্গিত। বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠান থেকে, মুখ্য়মন্ত্রীকে পাশে নিয়ে, পশ্চিমবঙ্গের জন্য় প্রকল্পের ঝুলি উপুড় করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ী, মুখ্যমন্ত্রীকে এই বিশ্বাস দিতে চাই, আপনি চিন্তা করবেন না, যেমন মহাভারতে দ্রৌপদীর জন্য থালি ছিল, ঠিক সেই রকম আমার থালায় টাকার কোনও কমতি নেই। আপনি চাইতে চাইতে হাঁফিয়ে যাবেন, কিন্তু আমি টাকা দিতে গিয়ে হাঁফিয়ে যাব না। মোদিজি আর আমার দায়িত্ব আমরা বাংলার ছবি পুরো বদলে দেব। আমি আজ ১ লক্ষ কোটি টাকার প্রজেক্টের ঘোষণা করছি। ৫ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জাতীয় সড়ক আমেরিকার মতো হবে।’
কী কী রয়েছে নিতিন গডকড়ীর ঘোষিত এই লক্ষ কোটির প্রকল্পে? সবচেয়ে বড় ঘোষণা কলকাতার জন্য ২৫০ কিলোমিটারের রিং রোড। লক্ষ্য – শহরের যানজট কমানো।এর জন্য় খরচ হবে ১৪ হাজার কোটি টাকা। শিলিগুড়ি-গুয়াহাটি ফোর লেনের রাস্তা, খরচ হবে ২৬ হাজার কোটি টাকা। এর ফলে সফরের সময় ১০ ঘণ্টা থেকে কমে হবে মাত্র ৪ ঘণ্টা।শিলিগুড়ি-দার্জিলিং গ্রিনফিল্ড করিডরের জন্য় ৬ হাজার কোটি টাকার পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। এছাড়াও ডানকুনি-কোলাঘাট ৮ লেনের রাস্তা, বারাসাত-পেট্রাপোল সড়ক, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-সহ একাধিক প্রকল্পের কথা উঠে এসেছে নিতিন গডকড়ীর বক্তব্যে। শুধু তাই নয়, খড়গপুর-বর্ধমান-মোরগ্রাম চার লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ী বলেন, আজ ঘোষণা করছি কলকাতার জন্য ২৫০ কিলোমিটারের ১৪ হাজার কোটি টাকার রিং রোডের মঞ্জুরি দিচ্ছি। এটা নিউজ রিল, আসল ফিল্ম শুরু হওয়া এখনও বাকি আছে।আমরা গ্রিন ফিল্ড এক্সপ্রেস হাইওয়ে বানাচ্ছি। ৭৫ হাজার কোটি ব্যয়ে বারাণসী থেকে কলকাতা পর্যন্ত ৮২০ কিলোমিটার ৬ লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের নির্মাণ হচ্ছে। গোরখপুর থেকে শিলিগুড়ি ১৪ ঘণ্টা লাগে, এখন শুধু ৬ ঘণ্টা লাগবে।