কলকাতা: কল্লোলিনী তিলোত্তমার যানজট ছড়ানোর জন্য এবার বরাদ্দ হল ১৪ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি ২৬ নভেম্বর কোলাঘাটের মঞ্চ থেকে ঘোষণা করলেন রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। এ ছাড়াও কলকাতাকে ঘিরে একটা ২৫০ কিলোমিটারের রিং রোড বানাতে বরাদ্দ করা হয়েছে ১৪ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: “আপনি চাইতে চাইতে হাঁফিয়ে যাবেন। কিন্তু আমি টাকা দিতে দিতে হাঁফিয়ে যাব না, এই কথা দিতেই আমি এসেছি”, উন্নয়ন নিয়ে বললেন নিতিন গডকড়ি

এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি বলেন, “আমরা কলকাতার উন্নয়ন করতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী আমি দিল্লি এনসিআরে ১ লক্ষ ৬০ হাজার কোটির কাজ করছি। ৭০ হাজার কোটির কাজ আমি ইতিমধ্যেই শেষ করেছি। আমি কলকাতারও উন্নতি করতে চাই। আর সেই কারণেই যখন আপনার সরকারের মন্ত্রী, আমলারা এসেছিলেন তখন আমি বলেছিলাম, কলকাতাকে দূষণ মুক্ত ও যানজট মুক্ত করার নীল নকশা আপনারা তৈরি করুন।”

তারপরই কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন কলকাতার জন্য তিনি প্রায় ১৪ হাজার কোটি টাকা মঞ্জুর করেছেন। তিনি বলেন, “আজ আমি ঘোষণা করছি কলকাতার জন্য ১৪ হাজার কোটি টাকা খরচ করে ২৫০ কিলোমিটারের রিং রোড তৈরির বিষয়টা আমি মঞ্জুর করছি। এই রিং রোড কেবলমাত্র শুরু। এটা শুধুমাত্র নিউজ রিল। আসল সিনেমা এখনও বাকি। এবার কলকাতার রাস্তার অবস্থা জরিপ করে আপনি ডিটেলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করুন।”

এর আগে তিনি দিল্লি, মুম্বই, পুনে বা চেন্নাইয়ের মতো শহরে উন্নয়নের কর্মযজ্ঞ সামলেছেন বলেই জানালেন। নিতিন গড়কড়ি বললেন, “আমি মুম্বইয়ে ৫ উড়ালপুল তৈরি করেছি। ওরলি থেকে বান্দ্রা হয়েছে। মুম্বইয়ের উন্নয়ন করেছি। দিল্লির উন্নয়ন করছি। এবার কলকাতারও উন্নয়ন হবে। আমি পুনেতে, চেন্নাইতে একই পিলারে চারতলা ব্রিজ তৈরি করছি। আমি কলকাতাতেও তেমন ব্রিজ বানাতে চাইছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *