রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ছাগলের টোপে ধরা পড়ল চিতা বাঘ, বানারহাট চা বাগানে বন দফতরের খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। স্বস্তিতে চা শ্রমিকরা, চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিল চা বাগানের শ্রমিকদের, অবশেষে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বানারহাট চা বাগানের রিয়াবাড়ি এলাকার ১৫ নম্বর সেকশনে। জানা গিয়েছে, বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের অধীন ওই এলাকায় প্রায় ২০ দিন আগে চিতাবাঘ ধরার জন্য খাঁচা পেতেছিল বন দফতর।

চা বাগানের ওই অংশে বেশ কয়েকটি চিতাবাঘের আনাগোনা লক্ষ করা যাচ্ছিল। ফলে চিতাবাঘের আতঙ্কে ছিলেন বাগানের শ্রমিকরা। পরিস্থিতির কথা জানিয়ে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানিয়েছিলেন বাগান কর্তৃপক্ষ। সেই আবেদনের ভিত্তিতেই এলাকায় খাঁচা পাতে বন দফতর।অবশেষে রবিবার গভীর রাতে ছাগলের টোপ দেওয়া সেই খাঁচায় বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

খবর পেয়ে ভোররাতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন, পরে সেটিকে সংরক্ষিত জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে চা বাগানের শ্রমিকদের মধ্যে, দীর্ঘদিনের চিতাবাঘের আতঙ্ক থেকে আপাতত কিছুটা হলেও মুক্তি মিলেছে বলে মনে করছেন তাঁরা।

কয়েক মাস আগে এমন ঘটনা হয়েছিল। আলিপুরদুয়ারের ফালাকাটার খাউচাঁদপাড়া এলাকার সুপ্রিয় চা বাগানে খাঁচাবন্দি হয়েছিল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সুপ্রিয় চা বাগান ও সংলগ্ন এলাকায় চিতাবাঘটির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্কে ছিলেন চা বাগানের শ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বিবেচনা করে প্রায় তিন দিন আগে জলদাপাড়া বন দফতরের পক্ষ থেকে বাগানের ভেতরে একটি লোহার খাঁচা বসানো হয়। খাঁচার ভিতরে রাখা হয়েছিল ছাগলকে টোপ হিসেবে। ঘটনার দিন রাতে টোপের সন্ধানে খাঁচায় ঢুকে পড়ে চিতাবাঘটি। সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় খাঁচার দরজা। পরের দিন সকালে চা বাগান সংলগ্ন এলাকার বাসিন্দারা বিষয়টি দেখতে পান ও বন দফতরে খবর দেন। খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই সুপ্রিয় চা বাগানে মানুষের ভিড় বাড়তে থাকে। আশপাশের এলাকা থেকেও বহু মানুষ চিতাবাঘটিকে দেখতে সেখানে হাজির হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছন জলদাপাড়া বন দফতরের আধিকারিক ও কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *