কলকাতা : রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন জানালেন, ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। ৮টি বিল আনা হবে এই সময়ে। পশ্চিমবঙ্গ নাম ইংরেজিতে পশ্চিমবঙ্গ হিসেবেই লেখা হবে। ১০ হাজার ১৪৬ পদে নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে।
এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে আর কোনও টাকা দিতে হবে না। চাকরিপ্রার্থীদের হয়ে পরীক্ষার খরচ বহন করবে রাজ্য সরকার। শুধু তাই নয়, যুব কল্যাণ দফতরের ‘ভরসা’ কর্মসূচিতে বেকার যুবক-যুবতীদের জন্য মাসে আর্থিক সহায়তার ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্নাতকরা পাবেন মাসে ২ হাজার টাকা, আর যাঁরা স্নাতক নন, তাঁদের দেওয়া হবে মাসে দেড় হাজার টাকা। সরকারি ITI-ট্রেনিংরতদের মাসে ২ হাজার টাকা দেওয়া হবে।
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি দফতরে ১০ হাজার ১৪৬টি পদে নিয়োগের পাশাপাশি আগামী দিনে এক লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি চাকরির পরীক্ষার আবেদন ফি-র সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার। তাঁর বক্তব্য, চাকরির আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াটা অপরাধ এবং সঙ্কীর্ণতার পরিচয়। তাই চাকরিপ্রার্থীদের কাছ থেকে পরীক্ষার জন্য টাকা নেওয়া হবে না।
এদিন বিধানসভার শীতকালীন অধিবেশনের দিনক্ষণও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। এই সময়ে মোট ৮টি বিল আনার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এর মধ্যে একাধিক প্রশাসনিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
রাজ্যের নামের ইংরেজি নাম নিয়েও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইংরেজিতে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হিসেবেই লেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সংক্রান্ত প্রস্তাব আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় আনা হবে । সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনাথ আশ্রম এবং প্রতিবন্ধী আশ্রমগুলির জন্য সরকারি বরাদ্দ বাড়ানো হবে। এই প্রতিষ্ঠানগুলিতে থাকা আবাসিকদের পরিষেবা, দেখভাল এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও উন্নত করতেই বরাদ্দ বৃদ্ধি করা হবে।
বিদ্যুতের বিলের ক্ষেত্রেও বড় পরিবর্তনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী জানুয়ারি মাস থেকে ত্রৈমাসিক বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানো হবে। অর্থাৎ, তিন মাস অন্তর একসঙ্গে বিল মেটানোর পরিবর্তে এবার থেকে প্রতি মাসে বিল জমা দিতে পারবেন গ্রাহকরা। মুখ্যমন্ত্রী বলেন, আগে রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকত। কিন্তু গত ছয় মাসে বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। ফলে রাজ্যকে এখন আগের তুলনায় বেশি বিদ্যুৎ কিনতে হচ্ছে। এই পরিস্থিতির কথা তুলে ধরেই বিদ্যুতের ব্যবহার ও বিলিং ব্যবস্থায় পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি।