হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। ঢাকা-সহ দেশজুড়ে বিএনপি, জামাতের সঙ্গে আওয়ামি লিগের সংঘর্ষ। পরপর বাড়ি, দোকানে আগুন। জ্বলছে বাংলাদেশে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। “প্রতিবেশী রাষ্ট্র, আমি প্রতিবেশী দেশের মুখ্যমন্ত্রী। আমি উদ্বিগ্ন, এর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গে হচ্ছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করব। এখানে অনেকের আত্মীয়স্বজন থাকেন, তাঁরাও বিচলিত”।
শেখ হাসিনার ফেরার জল্পনার মধ্যে আওয়ামি লিগ পথে নামতেই ফের অশান্ত বাংলাদেশ। আজ ভোররাতে ঢাকার বিভিন্ন জায়গায় পরপর বিস্ফোরণ ঘটে। কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পুলিশ সূত্রে খবর, অন্তত ৪ জন আহত হয়েছেন। এরই মধ্যে চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষকৃতীরা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখাতেও আগুন লাগানো হয়। আজ ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামি লিগ। বাংলাদেশে আওয়ামি লিগের প্রত্যাবর্তন রুখতে রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, আওয়ামি লিগের কর্মীরা ফের সন্ত্রাসমূলক কাজকর্ম শুরু করেছে। জুলাইয়ের ছাত্র আন্দোলনের মতো ঐক্যবদ্ধ হয়ে আওয়ামি লিগের ষড়যন্ত্র রুখতে হবে বলে মন্তব্য করেন তারেক।