
কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। বুধবার সন্ধায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি দেখা দিয়েছে। কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। যার ফলে, বাংলার কিছু জেলায় সতর্করা জারি করা হয়েছে। পাশাপাশি, পর্যটকদের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। তাই পুরীর মানুষদের জন্য এবং এখানে ঘুরতে আশা পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে আইএমডি।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শক্তি বাড়িয়ে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এর ফলে, পুরীর সমুদ্রে জারি হয়েছে বাড়তি সতর্কতা। ১৯ থেকে ২২ নভেম্বর-পর্যটকদের পুরী না আসার অনুরোধ জানান হয়েছে।

শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এগোচ্ছে ‘আকভান’। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির সম্ভাবনা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, ছাড়াও দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুরে হতে পারে বৃষ্টি। শুক্রবার কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

আইএমডি অন্ধ্রপ্রদেশের একাধিক জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং ১৯শে নভেম্বর ইয়ানামের পাশাপাশি কাকিনাদা, কোনাসীমা, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা ও বাপাতলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। ১৯শে নভেম্বর উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ঘূর্ণিঝড় আকভান পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসায় ওড়িশা সরকার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে ২ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ওড়িশা সরকার আটটি জেলার ৮৭টি ব্লক জুড়ে ১,৯০২টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি বলেছেন, আগামী ২০ নভেম্বর প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে সরকার উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসায় ওড়িশার জন্য ভূমিধস একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে রাজ্য সরকার ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চলগুলোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে। গঞ্জাম, গজপতি, রায়গড়া, কান্ধামাল, মালকানগিরি এবং কোরাপুট—এই ছয়টি জেলাকে ভূমিধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি বলেছেন, ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলার জন্য রাজ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু ভূমিধস একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। তিনি আরও বলেন, ”গত মাসের ঘূর্ণিঝড় অর্ণবের সময় যে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে ১০ জনই ভূমিধসের কারণে মারা গেছেন। সরকার দক্ষিণ ওড়িশা জুড়ে পাহাড়ের পাদদেশ ও চূড়ার বসতিগুলিতে বসবাসকারী মানুষদের সরিয়ে নেওয়ার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।”
Published at : 18 Nov 2026 09:26 PM (IST)