কলকাতা: দীর্ঘদিন আটকে থাকার পরে, অবশেষে মুক্তি পাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) সিনেমা, ‘ডিয়ার ডি’ (Dear D)। ২০২৪ সালের শেষে এই ছবিটির ঘোষণা হয়ে গিয়েছিল। শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরেও একাধিক সমস্যার মধ্যে পড়ে আটকে ছিল ছবিটি। অবশেষে ২০২৬ সালের একেবারে শেষে মুক্তি পাচ্ছে এই ছবিটি। ১১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘ডিয়ার ডি’ ছবিটি। মা-মেয়ের চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী ও দিতিপ্রিয়াকে। ছবিটি পরিচালনা করেছেন রবীন্দ্র নাম্বিয়ার। ছবিটির প্রযোজনা করেছেন অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা।
মা-মেয়ের চরিত্রে শ্রাবন্তী এবং দিতিপ্রিয়া
এই ছবিতেই প্রথম মা এবং মেয়ে হিসেবে দেখা যাবে শ্রাবন্তী এবং দিতিপ্রিয়াকে। ছবিটির প্রেক্ষাপট বিদেশে। সিঙ্গল মাদার হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে যিনি একাই তাঁর মেয়েকে বড় করে তুলেছেন। টিনএজার মেয়ের সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক মায়ের। কিন্তু হঠাৎ তাঁদের জীবনে ঘটে যায় এমন একটা ঘটনা যেটা তাঁদের জীবনকে নাড়িয়ে দেয়। বেরিয়ে আসে অতীতে লুকিয়ে থাকা অনেক সত্যি কথা। অন্যদিকে, যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। বয়ঃসন্ধিতে থাকা একটি মেয়ে কীভাবে অন্তঃসত্ত্বা হল.. সেই লড়াই ফুটে উঠবে ছবির গল্পে। স্ক্রিনিং কমিটির কিছু সমস্য়ার কারণে পিছিয়ে গিয়েছিল এই সিনেমার মুক্তি। এছাড়া প্রযোজনা সংস্থার অন্যান্য সিনেমা মুক্তির দিনও ছিল। সেই কারণেই শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরেও এতদিন পিছিয়েছে ছবির মুক্তি। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে বড়পর্দায়।
ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া
অন্যদিকে, ছোটপর্দায় ফিরছেন, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। আজ প্রকাশ্যে এসেছে, ধারাবাহিকের প্রথম ঝলক। সেখানে ‘মনসা’-রূপে নজর কাড়ছেন দিতিপ্রিয়া। গোলাপি বেনারসি, খোলা চুলে পদ্ম সাজে, দিতিপ্রিয়া অপরূপা। ছোটপর্দা থেকেই তাঁর উত্থান, এরপরে জনপ্রিয়তা পেয়েছেন বড়পর্দাতেও। তবে দিতিপ্রিয়াকে ছোটপর্দার ধারাবাহিকে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। কবে থেকে শুরু হবে এই ধারাবাহিকের সম্প্রচার? দিতিপ্রিয়া জানাচ্ছেন, পুজোর পরেই শ্যুটিং শুরুর কথা। সম্প্রচারের দিন নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে দীর্ঘদিন পরে স্টার জলসার সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। বেশ কিছুদিন পর্দা থেকে দূরে থাকার সচেতন সিদ্ধান্ত নিয়েছিলেন দিতিপ্রিয়া। অবশেষে ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি।
