সমীরণ পাল, শাসন : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি। ৫০০ মিটারের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সভা থাকায় আইএসএফ-কে বিকল্প প্রস্তাব দেওয়া হল পুলিশের তরফে। যা নিয়ে শাসনে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

পুলিশের নোটিস পাওয়ার পরই সিদ্ধান্ত বদল। পুলিশের অনুমতি না মেলায় প্রস্তুতি মাঝপথে থামিয়ে সভাস্থল পরিবর্তন করল আইএসএফ। সোমবার শাসনে নৌশাদ সিদ্দিকির একটি সভা করার কথা রয়েছে। তার আগে, শনিবার সন্ধেয় আইএসএফ-এর অঞ্চল সম্পাদককে চিঠি দেওয়া হয়েছে শাসন থানার তরফে। ১৫, ১৬ ও ১৭ নভেম্বর শাসন ফুটবল মাঠে কর্মসূচি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের। শাসনের খড়ের মাঠ থেকে যার দূরত্ব মেরেকেটে ৫০০ মিটার। আগে থেকেই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মসূচির অনুমতি রয়েছে। ফলে ১৬ নভেম্বর শাসনের খড়ের মাঠের এই সভায় অনুমতি দেওয়া যাবে না। আইএসএফ-কে হয় সভার দিনক্ষণ, না হলে সভার জায়গা বদল করার পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে। 

এ প্রসঙ্গে আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম বলেন, “জনসভাটা শাসন খেলার মাঠে হওয়ার কথা ছিল। ওখানে আমরা পারমিশনও নিয়েছিলাম যে মাঠের মালিক তাঁর কাছ থেকে। পরবর্তীতে এই সরকার, বিজেপি সরকার, তার যারা নেতৃত্বরা আছেন, তাঁরা আমরা যার কাছ থেকে পারমিশন নিয়েছিলাম তাঁকে প্রেশার ক্রিয়েট করে পারমিশন ক্যানসেল করিয়ে থানায় জমা দিয়েছেন।” 

আইএসএফ নেতা আব্দুল শামিম বলেন, “বিজেপির কোন পদে বা কোন দায়িত্বে আছে আমরা জানি না, তারা হয়ত বিজেপির…সাধারণ মানুষ তাদের কতটা চেনে আমরা জানি না, কিন্তু তারা বলছে ওইদিন আমাদের প্রোগ্রাম আছে। বিজেপির নাম ভাঙিয়ে এক শ্রেণির লোক বিজেপিকে চক্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। ISF এখানে শাসনের মাঠে প্রোগ্রাম করে দেখিয়ে দিচ্ছে এবং সোমবার এখানে প্রোগ্রাম হবেই।” 

এর পাল্টা এসেছে বিজেপির তরফ থেকেও। বিজেপি যুব মোর্চার প্রাক্তন সহ সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, “এর পিছনে কোনও বিচ্ছিন্নতাবাদী মতবাদ বা কোনও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এর পিছনে তাদের কোনও মদত আছে। একদম প্রত্যক্ষভাবে আমরা যেটা বুঝতে পারছি, এই এলাকার কিছু সিপিএম নেতা যারা দীর্ঘদিন বাড়িছাড়া ছিলেন, তাঁরা ফিরে এসেছেন, ফিরে আসার পরে তাঁরা আবার এখানে একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করছেন। এলাকার দখল নিতে চাইছে।” সোমবার দুপুর ১ টা থেকে শাসনে সভা করার কথা রয়েছে নৌশাদ সিদ্দিকির। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *