তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পুরুষদিবসে মুক্তি পাচ্ছে, নারীকেন্দ্রিক ছবি! মুম্বইয়ের প্রযোজনা সংস্থা ‘কথা বিন্যাস মিডিয়া’ (Katha Vinyaas Media)-প্রযোজনায় মুক্তি পাচ্ছে, নতুন সিনেমা ‘নজরবন্দি’। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, পায়েল সরকার, রাজনন্দিনী পাল, অনিন্দিতা বসু এবং দর্শনা বণিক। সম্পর্কের সমীকরণ থেকে শুরু করে, সাইবার প্রতারণা.. থ্রিলারের আবহে একেবারে নতুন একটি গল্প বলবে, ঋতুপর্ণার নতুন সিনেমা। ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।

সবসময় ‘নজরবন্দি’ ঋতুপর্ণা, আদৌ উপভোগ করেন বিষয়টা?

সিনেমার নাম, ‘নজরবন্দি’, ব্যক্তিগত জীবনেও তো সবসময়েই নজরে থাকেন ঋতুপর্ণা। বিষয়টিকে উপভোগ করেন তিনি নাকি মাঝেমধ্যে ব্যক্তিগত সময় কাটানোরও প্রয়োজনবোধ হয় খুব? প্রশ্ন শুনে নায়িকা বললেন, ‘নজরবন্দি নয়, আমি নজর কাড়ায় বিশ্বাসী। এত বছর, এত মানুষের নজরে থেকেছি, ভালবাসা পেয়েছি, তাঁরা আমায় দেখেছেন.. সেইজন্যই তো এই জায়গাটা তৈরি হয়েছে। আমরা দর্শকদের ভালবাসি, তাঁদের ওপর আমাদের দায়বদ্ধতা রয়েছে। তবে দিনের শেষে, আমরাও মানুষ.. এটা দর্শক মাঝে মাঝে ভুলে যান। অভিনয়টা আমাদের কাজের জায়গা। কাজের সূত্রেই আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন পোশাক পরতে হয়, মেকআপ করতে হয়.. কিন্তু তার বাইরেও তো আমাদের একটা ব্যক্তিগত জীবন রয়েছে। আমাদের জীবনের সংগ্রামটা মানুষ সত্যিই বুঝতে চায় না। আমাকেও পরিবার সামলে, সমস্ত দায়িত্ব সামলে.. তারপরেই কাজের জায়গায় যেতে হয় আর পাঁচজন মেয়ের মতোই। আমি সবসময় গঠনমূলক সমালোচনা শুনতে রাজি.. দর্শকের কাছে একটাই বার্তা, তাঁরা আমার কাজ দেখে আমায় বিচার করুন, ব্যক্তিগত জীবন বা সোশ্যাল মিডিয়ার রিল দেখে নয়। অভিনয়ের সঙ্গে ব্যক্তিগত জীবনটা মিলিয়ে ফেললেই তো মুশকিল।’

এক ছবিতে একাধিক অভিনেত্রী, কেমন ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা?

‘নজরবন্দি’ সিনেমার কোন বিষয়টা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ঋতুপর্ণার কাছে? অভিনেত্রী বলছেন, ‘এই ছবিতে একটা সম্পর্কের সমীকরণ ফুটিয়ে তোলা হয়েছে। আমার কাছে এই বিষয়টা খুব চ্যালেঞ্জিং ছিল। এইরকম চরিত্র আমি আগে পাইনি।’ শুধু ঋতুপর্ণা নন, আরও একাধিক অভিনেত্রী রয়েছে এই সিনেমায়? নায়িকার কথায়, ‘আমরা প্রত্যেকে ভীষণ মজা করে কাজ করেছি। একটা সিনেমার শ্যুটিং ধর্মশালায় গিয়ে হয়েছে। ছবিটি নারীকেন্দ্রিক, প্রযোজক মুম্বইয়ের। বাংলা ছবির কাছে এই গোটা বিষয়টাই একটা ভাল নিদর্শন। সিনেমাটাকে শুধু থ্রিলার বললে ভুল হবে, একাধিক দিক রয়েছে।’

সরকার বদলের পরে কী কী বদল এল টলিউডে?

সরকার বদলের পরে বেশ কয়েকটা মাস কেটে গিয়েছে। বাংলা ছবি তৈরি থেকে ব্যবসার ক্ষেত্রে কোনও বদল দেখছেন ঋতুপর্ণা? অভিনেত্রী বলছেন, ‘একটা সময়ে টলিউডে বাইরে থেকে প্রযোজক আসা বন্ধ হয়ে গিয়েছিল। কাজের ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছিল। এর প্রভাব পড়েছিল ছবির ব্যবসায়। সেই বাধা এখন অনেকটা শিথিল, নতুন নতুন কাজ হচ্ছে। তবে আমরা চাই, আরও ভাল কাজ হোক, আরও চ্যালেঞ্জিং চরিত্র আমরা পাই। আর দর্শকের কাছে একটাই আবেদন যে তাঁরা যেন ছবি দেখার অভ্যাসটা ফিরিয়ে আনেন। তবেই তো আমরা আরও ভাল কাজ উপহার দিতে পারব।’

আরও পড়ুন: Rituparna Sengupta: জন্মদিন আর শিশুদিবসে বিশেষ উদ্যোগ ঋতুপর্ণার, থ্যালাসেমিয়া আক্রান্ত ছোটদের জন্য মন ভাল করা আয়োজন

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *