কলকাতা: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন আবহাওয়া ব্যবস্থা। আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় ঘন মেঘের সঞ্চার। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র INSAT-3DS উপগ্রহের ছবিতে ধরা পড়েছে সেই ছবি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী কয়েক দিনের মধ্যে সেটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের মৌসম ভবন (IMD)। এর জেরে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা।

উপগ্রহ চিত্রে ধরা পড়ল নতুন আবহাওয়া ব্যবস্থা

১৩ নভেম্বর INSAT-3DS উপগ্রহের থার্মাল ইনফ্রারেড ছবিতে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ মেঘের উপস্থিতি দেখা গিয়েছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর সকাল সাড়ে ৫টা নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে এই নিম্নচাপের সৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। ১৪ নভেম্বরের মধ্যে সেটি আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর ১৫ নভেম্বরের আশপাশে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেম।

বঙ্গোপসাগরে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া!

নতুন এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ১৩ ও ১৪ নভেম্বর আন্দামান সাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও ১৩ থেকে ১৬ নভেম্বর একই ধরনের আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, ১৫ থেকে ১৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার। ১৬ ও ১৭ নভেম্বর মধ্য বঙ্গোপসাগরেও একই ধরনের ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি এই নিম্নচাপ?

নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপ ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে আবহাওয়াবিদদের নজরদারি। আপাতত মৌসম ভবনের পূর্বাভাসে ১৫ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এরপর এটি আরও শক্তিশালী হবে কি না, তা নির্ভর করবে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এবং সমুদ্রের অবস্থার উপর।

পরবর্তী ৪৮ ঘণ্টা এই আবহাওয়া ব্যবস্থার গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরে বর্ষা-পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়। ফলে নতুন এই নিম্নচাপের গতিবিধির উপর কড়া নজর রাখছে মৌসম ভবন। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।

Source link