অভিজিৎ চৌধুরী, মালদা: ঢাকের তালে তালে মাতৃবন্দনা, আতশবাজির ঝলকানি আর হাজারো মানুষের উচ্ছ্বাস। সব মিলিয়ে সোমবার রাতে ঐতিহ্যের উৎসবে মেতে উঠল মালদার মালতীপুর। বিসর্জনের আগে প্রায় ৩০০ বছরের প্রাচীন রীতি মেনে অনুষ্ঠিত হল ঐতিহাসিক কালী দৌড়।
আমকালী বিসর্জনের পর শুরু হয় দৌড় প্রতিযোগিতা। চনকা, হাট, শ্যামা, হ্যান্টা, বুড়ি ও বাজার কালী ছয়টি প্রতিমাকে কাঁধে নিয়ে দৌড়ে অংশ নেন কমিটি। পাটকাঠি জ্বালিয়ে কাশীপাড়ার গলিপথে সাতবার প্রদক্ষিণের পর প্রতিমাগুলি মিলিত হয় মালতীপুর সার্বজনীন দুর্গামণ্ডপের সামনে। সেই দৃশ্য দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। অনেকে ক্যামেরা বন্দিও করেন। চাঁচলের রাজার উদ্যোগে এই দৌড়ের সূচনা হয়েছিল তিনশো বছর আগে। একসময় হাতিতে চেপে রাজপরিবারের সদস্যরাও এই প্রতিযোগিতা দেখতে আসতেন। নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন করতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ছিলেন চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ। ছিল কেন্দ্রীয় বাহিনীও।
আগে রাজার বুড়ি কালি ও প্রজাদের বাজার কালি দৌড়ে অংশ নিত। যারা জয়ী হতেন, তাদের পুরস্কৃত করতেন রাজা। তবে বর্তমানে সেই পুরস্কারের রীতি নেই। রাজার উদ্যোগে শুরু হওয়া কালী দৌড় বলে স্থানীয়দের আলাদাই একটা আবেগ তৈরি হয়। এদিন কাতারে কাতারে ভিড় জমেছিল। মালদহ জেলার বিভিন্ন ব্লক থেকে মানুষজন ভিড় জমান। এক কালী অন্য কালীর সঙ্গে যখন মুখোমুখি হচ্ছিলেন, সেসময় ভক্তরা উলু ধ্বনি দিয়ে উচ্ছ্বাসিত হয়ে উঠেন। সব মিলিয়ে নির্বিঘ্নে এবারও ঐতিহাসিক রাজকীয় কালী দৌড় সম্পন্ন হল এবার।আপনার দেখতেই পাচ্ছেন, কাঁধে শক্ত করে মাতৃ প্রতিমা নিয়ে ছুটছেন কমিটির সদস্যরা। বাজি পুড়ছে, রীতিমতো আলোর রোশনায় ভরেছে মালতীপুর। রাত্রি এগারোটা পর্যন্ত কালী দৌড় চলে এবছর।
অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির আরাধনা৷ রাজ্যজুড়ে শক্তিরূপী দেবীর আরাধনার আয়োজন৷ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী শক্তির আরাধনা হয়। তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতে দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। দক্ষিণেশ্বর, তারাপীঠ, লেক কালীবাড়ি-সহ বিভিন্ন কালীতীর্থে চলছে কালীপুজো। মন্দিরে মন্দিরে নিষ্ঠাভরে পুজো পাঠ চলছে । পুজো দিতে সকাল থেকেই ভক্তদের ভিড় ৷ মা কালীর আরাধনার পাশাপাশি আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। লাল-নীল-সবুজ, নানা রঙের স্রোতে ভেসেছে শহর ৷ দীপাবলির আনন্দ চুটিয়ে উপভোগ করতে প্রস্তুত আপামোর বাঙালি।