অরিন্দম সেন, আলিপুরদুয়ার : রাতের অন্ধকারে রেল লাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা ।
রাতের অন্ধকারে হঠাৎ রেল লাইনের উপর এসে হাজির হয় হাতির দল! আর সেই হাতির দলে রয়েছে শাবকও । বিপদ বুঝতে পেরে যাত্রীবাহী ট্রেন থামিয়ে দিলেন দুই লোকো পাইলট । ফলে অল্পের জন্য রক্ষা পেল শাবক সহ হাতির দল । চালকের তৎপরতাকে কুর্নিশ করছেন সকলে ।
শনিবার রাত তখন প্রায় ৮টা ১০ মিনিট । ডুয়ার্সের চাপরামারি বন্যপ্রাণী অভয়ারণ্য । নাগরাকাটা ও চালসা স্টেশনের মধ্যবর্তী রেলপথ দিয়ে ছুটে চলেছে ৭৫৭৪২ নম্বর ডাউন ধুবড়ি-শিলিগুড়ি ডিইএমইউ ।
হঠাৎই রেল লাইনের উপর নজরে আসে একদল হাতি । তাদের মধ্যে রয়েছে হাতির শাবকও । রাতের অন্ধকারে হাতির দল তখন রেলট্র্যাকের উপর দিয়েই এগিয়ে চলেছে ।
পরিস্থিতি বুঝতে এক মুহূর্তও দেরি করেননি লোকো পাইলট অরুণাভ মিত্র এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তাপস কুমার কার্জী । ৬৮/১ কিলোমিটার এলাকায় দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে থামিয়ে দেন তাঁরা ।
আরও পড়ুন: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
এরপর প্রায় তিন মিনিট অপেক্ষা । ট্রেনের সামনে থাকা হাতির দল ধীরে ধীরে রেললাইন ছেড়ে প্রবেশ করে ডানদিকের জঙ্গলে ।
হাতির দল নিরাপদে জঙ্গলে ঢুকে যাওয়ার পরই ফের ট্রেন চালানো হয় । চালকের তৎপরতায় বেঁচে যায় হাতির দল । সকলেই চালকের তৎপরতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন ।
রেল সূত্রে জানা গিয়েছে, ৭৫৭৪২ নম্বর ডাউন ধুবড়ি-শিলিগুড়ি ডিইএমইউ চালানোর সময় নাগরাকাটা-চালসার মধ্যবর্তী ৬৮/১ কিলোমিটার এলাকায় রেললাইনের উপর হাতির দলকে দেখতে পান এলপি অরুণাভ মিত্র এবং এএলপি তাপস কুমার কার্জী । হাতিগুলিকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতেই তাঁরা তৎক্ষণাৎ ট্রেন নিয়ন্ত্রণ করেন ।
একদিকে যাত্রীদের নিরাপত্তা, অন্যদিকে বন্যপ্রাণ রক্ষা—দুইয়ের ভারসাম্য রেখে লোকো পাইলটদের এই তৎপরতায় ফের একবার সামনে এল ডুয়ার্সের রেলপথে মানুষ ও বন্যপ্রাণের সহাবস্থানের গুরুত্বপূর্ণ ছবি ।