অরিত্রিক ভট্টাচার্য, দিঘা : স্থলভাগ আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আপাতত ধাপে ধাপে শক্তি হারিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে এই গভীর নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় আরও দুর্বল হবে নিম্নচাপ, জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে বাড়বে উত্তরবঙ্গে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। পরের সপ্তাহে এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
ল্যান্ডফলের পর গতি কমেছিলশক্তি ঘূর্ণিঝড় ‘অর্ণব’- এর। তার ফলে প্রভাবও শুরু হয়েছে কিছুটা দেরিতে। দিঘায় গতকাল অর্থাৎ বুধবার যতটা বৃষ্টি হবে ভাবা হয়েছিল তা হয়নি। তবে বৃহস্পতিবার সকাল থেকে দিঘায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেড়েছে। সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া যার গতি আনুমানি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঝড়বৃষ্টির পাশাপাশি উত্তাল রয়েছে সমুদ্র। দিঘায় ভারী বৃষ্টি চলছে। সঙ্গে রয়েছে হাওয়ার দাপট। সকালের দিকে সমুদ্র সৈকতে কিছু লোক দেখা গেলেও, এখন আর পর্যটকরা কেউই নেই সেখানে। কারণ দুর্যোগের পরিমাণ ক্রমশ বাড়তে শুরু করেছে দিঘায়। আজ সারাদিন দিঘায় আবহাওয়া এমনই থাকতে চলেছে বলে জানা গিয়েছে।
উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
রাজ্যের বিশেষত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে পশ্চিম দিকের এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী ঝড়বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা বলতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, আর উপকূলের জেলা বলতে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা – এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আজ বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি কখনও বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বর্তমানে অতি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে ‘অর্ণব’। ধাপে ধাপে শক্তি কমাচ্ছে ঘূর্ণিঝড়। আগামীকাল ঘূর্ণিঝড়ের শক্তি আরও কিছুটা কমবে বলে অনুমান করা হচ্ছে। ক্রমশ শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। তার জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে এবং তা চলবে শনিবার পর্যন্ত। আপাতত ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে এই নিম্নচাপ। সেই গতি বজায় থাকবে। তবে এই নিম্নচাপ শক্তি হারিয়ে একটি সুস্পষ্ট ভাবে থেকে গেলেও আরেকটি সিস্টেম তৈরি হচ্ছে বলে মৌসম ভবন সূত্রে খবর।
অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরু, এই সময়টা এমনিতেই যেকোনও ঘূর্ণাবর্ত বা সিস্টেম, ঘূর্ণিঝড় – এসব তৈরির জন্য অনুকূল। দক্ষিণ আন্দামান সাগরে যে সিস্টেম তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে, তা ঘূর্ণিঝড়ে হয়তো পরিণত হবে না, তবে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে। দক্ষিণ আন্দামান সাগরে এই সিস্টেম সফলভাবে তৈরি হলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের দুর্যোগ হতে পারে দক্ষিণবঙ্গজুড়ে। তবে নতুন করে যে সিস্টেম দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে তার প্রভাব কতটা হতে পারে সেই ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানায়নি মৌসম ভবন কিংবা আলিপুর আবহাওয়া দফতর। আরও কিছুটা পর্যবেক্ষণের পর জানা যাবে যে এই নতুন সিস্টেম আবহাওয়ায় কী প্রভাব ফেলতে চলেছে। তবে আপাতত আবহবিদদের অনুমান, এই নতুন সিস্টেম নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হিসেবেই অবস্থান করবে। আর তার জেরে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।