কলকাতা: রাজ্যে আরও একজন প্রাক্তন মন্ত্রী গ্রেফতার। গ্রেফতার প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগ। গতকাল ED দফতর থেকে বেরোতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রীকে আজ আদালতে তোলা হবে। ইন্দ্রনীল সেনের গ্রেফতারির ইস্যুতে মুখ খুললেন শতরূপ ঘোষ ও সুজন চক্রবর্তী।
আরও পড়ুন, জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বাড়িতে হানা আয়কর দফতরের
শতরূপ ঘোষ বলেন, ইন্দ্রনীল সেন পরাজিত, উনি আজকে এমএলএ নন, গ্রেফতার হয়েছেন। কিন্তু যদি উনি আজকে এমএলএ হতেন, তাহলে কি গ্রেফতার হতেন ? ববি হাকিম, মদন মিত্র, জাভেদ খানকে দেখে আমরা কী শিখছি ? যারা এমএলএ, তাঁদের কাছে একটা সুযোগ রয়েছে, ভাল তৃণমূল হয়ে বেঁচে যাওয়ার। আর যারা এমএলএ নয়, বিজেপির কোনও কাজে লাগবে না, শুধুমাত্র সেই সওকত মোল্লা, ইন্দ্রনীল সেনরা গ্রেফতার হবেন, সুজিত বসুরা গ্রেফতার হবেন। এটাই কি বাংলার মানুষের প্রাপ্য ছিল ? নাকি ভাল তৃণমূল হয়ে যাওয়া চোর তৃণমূলগুলিরও গ্রেফতার হওয়া উচিত ?
অপরদিকে সুজন চক্রবর্তী বলেন, ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করে, ওইখানে দাঁড়িয়ে গেলে হবে না। ব্যাগ বইতেন যার, অপরাধের অংশিদারিত্ব তার কতটা আছে, এটা খুঁজে বার করা উচিত। ইন্দ্রনীল সেনের গ্রেফতারি স্বাভাবিক। তারপর মাথা পর্যন্ত যাবে তো ? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা মেরুদণ্ড না বিকিয়ে লড়াই করছে, তাঁরাই জেলে যাবে। যারা চোর ছ্যাচোঁর চিটিংবাজ, বিজেপির পতাকা ধরলে সাত খুন মাফ। এটাই হচ্ছে মোদিজির নতনু ভারত।